গিনির প্রেসিডেন্ট মামাদি ডুমবুইয়া ১৭৩ সেনাসদস্যকে বরখাস্ত করেছেন

August 27, 2026

পশ্চিম আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্ট মামাদি ডুমবুইয়া ১৭৩ জন সেনাসদস্যকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে রাষ্ট্রপতির মুখপাত্র জেনারেল আমারা কামারা এই ডিক্রি পাঠ করেন। বাহিনী ত্যাগ বা দায়িত্ব পালনে অবহেলার (ডেজারশন) অভিযোগে এই বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া সেনাদের তালিকায় ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ডুমবুইয়াকে সহায়তাকারী কর্নেল মিশেল লামাহও রয়েছেন। তিনি স্পেশাল ফোর্সেস গ্রুপের (জিএফএস) সদস্য ছিলেন, যে অভিজাত বাহিনীটি এক সময় ডুমবুইয়ার নেতৃত্বেই ছিল। ২০২১ সালে ক্ষমতা দখলের সময় প্রেসিডেন্ট আলফা কন্ডেকে আটক করার ঘটনায় কর্নেল লামাহকে গাড়িতে দেখা গিয়েছিল, যা সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রেসিডেন্ট ডুমবুইয়া ২০২১ সালে ক্ষমতা গ্রহণের সময় বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা থেকে সরে আসেন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় বসেন। বিশ্লেষকদের মতে, নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলাই এই বরখাস্তের মূল উদ্দেশ্য।

ক্ষমতা গ্রহণের পর থেকেই গিনিতে রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা গেছে। দেশটিতে সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া, বিক্ষোভ নিষিদ্ধ করা এবং রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া অনেক বিরোধী নেতা ও অধিকারকর্মীকে গ্রেপ্তার বা নির্বাসিত করা হয়েছে। গত বছরের নির্বাচনে দেশটির বড় দুটি বিরোধী দল আরপিজি আর্ক এন সিয়েল এবং ইউএফডিজি-কে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

বর্তমানে প্রেসিডেন্ট ডুমবুইয়ার সরকার গিনির খনিজ সম্পদকে কাঁচামাল হিসেবে রপ্তানির পরিবর্তে শিল্প প্রক্রিয়াজাতকরণে রূপান্তরের ওপর গুরুত্ব দিচ্ছে।

Leave a Comment