এস্পোর্টস গেমারদের জন্য নতুন ওলেড গেমিং মনিটর আনল আসুস

August 27, 2026

জার্মানির কোলনে আয়োজিত গেমসকম ২০২৬ আসরে আসুস তাদের নতুন ‘এস’ সিরিজের গেমিং মনিটর উন্মোচন করেছে, যা মূলত এস্পোর্টস খেলোয়াড়দের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিযোগিতামূলক ও দ্রুত গতির গেম খেলার উপযোগী এই তিনটি নতুন মনিটরে উচ্চ রিফ্রেশ রেট সম্পন্ন ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে।

নতুন মডেলগুলোর মধ্যে আরওজি সুইফট ওলেড পিজি২৫৯কিউডব্লিউএস এস (ROG Swift OLED PG259QWS Ace) মনিটরটি সবচেয়ে শক্তিশালী। এতে ৭২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৭০০ নিটস পিক ব্রাইটনেসসহ ট্যান্ডেম ১০৮০পি ওলেড প্যানেল রয়েছে। এতে পজিশন সেন্সর নামে একটি নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা মনিটরের উচ্চতা ও টিল্ট মেপে স্ক্রিনে প্রদর্শন করতে পারে।

আসুস দুটি কিউডি-ওলেড প্যানেলের মনিটরও বাজারে এনেছে। এর মধ্যে আরওজি স্ট্রিক্স ওলেড এক্সজি২৫৯কিউডিপিজি এস (ROG Strix OLED XG259QDPG Ace) মডেলটিতে ৫৬০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এতে ব্ল্যাকশিল্ড ফিল্ম এবং অ্যান্টি-গ্লেয়ার কোটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কালো রঙের গভীরতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম। একই প্রযুক্তির আরেকটি মডেল আরওজি স্ট্রিক্স ওলেড এক্সজি২৫৯কিউডিএনএস এস (ROG Strix OLED XG259QDNS Ace) ৩৬০ হার্টজ রিফ্রেশ রেটে চলবে, যা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আসুসের পূর্বের ওলেড মনিটরগুলো সাধারণত ২৭ ইঞ্চির হলেও এবারই প্রথম তারা ২৪.৫ ইঞ্চির পোর্টেবল সাইজের মনিটর বাজারে আনল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিজি২৫৯কিউডব্লিউএস এস এবং এক্সজি২৫৯কিউডব্লিউপিজি এস মডেল দুটি বছরের চতুর্থ প্রান্তিকের শুরুতে যথাক্রমে ১,০৯৯ এবং ৬৯৯ ডলারে পাওয়া যাবে। তবে সাশ্রয়ী মডেলটির দাম বা বাজারে আসার তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

Leave a Comment