সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্নের গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল মঙ্গলের ছোট উপগ্রহ ডিমোসের ভূতাত্ত্বিক রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন। গবেষকদের মতে, অতীতে একটি শক্তিশালী গ্রহাণুর আঘাতই ডিমোসের দক্ষিণ মেরুর বিশাল অবনমন বা গর্ত এবং এর পৃষ্ঠের অস্বাভাবিক মসৃণ ও ধূলিময় অবস্থার কারণ।
দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে ডিমোসের পৃষ্ঠ কেন এমন রহস্যময়, তা নিয়ে প্রশ্ন ছিল। মঙ্গলের অন্য উপগ্রহ ফোবোসের তুলনায় ডিমোস অনেক বেশি মসৃণ। এর বেশিরভাগ অংশ আলগা ধুলো এবং পাথুরে ধ্বংসাবশেষ বা রেগোলিথ দিয়ে ঢাকা। নতুন গবেষণায় কম্পিউটার সিমুলেশন এবং এসার হেরা মহাকাশযানের পাঠানো ছবি বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, প্রায় ৩২০ মিটার ব্যাসের একটি গ্রহাণু ৪৫ ডিগ্রি কোণে ডিমোসকে আঘাত করেছিল। এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, তাতে উপগ্রহটি ভেঙে না গিয়েও এর পুরো পৃষ্ঠে ধূলিকণা ছড়িয়ে পড়েছে। গবেষক ড. সাবিনা রাডুকান জানিয়েছেন, সিমুলেশনের ফলাফল অনুযায়ী এই একটি আঘাতই ডিমোসের বর্তমান ভূ-প্রকৃতি গঠনের জন্য যথেষ্ট ছিল।
গবেষক দলের মতে, ডিমোসের অভ্যন্তরীণ গঠন বেশ ছিদ্রযুক্ত এবং এর বাইরের স্তর বেশ ভঙ্গুর। এই বিশেষ গঠনের কারণেই উপগ্রহটি বিশাল আঘাত সহ্য করার পরও টিকে থাকতে পেরেছে। এই গবেষণা নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) আসন্ন মার্টিয়ান মুন্স এক্সপ্লোরেশন (এমএমএক্স) মিশনের জন্য এই ফলাফলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই নতুন তথ্য মহাকাশযানটিকে ডিমোসের উপাদান সংগ্রহ এবং এর পৃষ্ঠের গঠন সম্পর্কে আগে থেকেই ধারণা পেতে সাহায্য করবে।