জাপানের এশিয়ান গেমস: সব অ্যাথলেটের আবাসনের নিশ্চয়তা আয়োজকদের

August 28, 2026

জাপানের আইচি ও নাগোয়া অঞ্চলে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণকারী সকল অ্যাথলেটের জন্য আবাসনের নিশ্চয়তা দিয়েছে আয়োজক কমিটি। এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি (AINAGOC) এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গেমসে নিবন্ধিত ১৭ হাজারেরও বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তার জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আবাসনের ঘাটতি নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনগুলোকে তারা ভুল বলে দাবি করেছে।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমসে শুরুতে ১৫ হাজার জনের অংশগ্রহণের কথা থাকলেও পরে নতুন ইভেন্ট যুক্ত হওয়ায় সেই সংখ্যা ১৭ হাজারে গিয়ে ঠেকে। অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাজেট ও জনবল নিয়ে সংকটের কথা জানিয়েছিলেন আয়োজক কমিটির সভাপতি হিদেকি ওমুরা এবং নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়ার মতো দায়িত্বশীলরা। সে সময় আয়োজকরা বলেছিলেন, অতিরিক্তদের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে সর্বশেষ বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, চূড়ান্ত প্রস্তুতি এখন সঠিক পথেই এগোচ্ছে।

আবাসন ব্যবস্থা

এবারের গেমসে কোনো নির্ধারিত অ্যাথলেট ভিলেজ নেই। এর পরিবর্তে ৪ থেকে ৫ হাজার অ্যাথলেট থাকবেন কোস্টা সেরেনা নামক একটি ইতালীয় ক্রুজ শিপে, যা গেমসের সময় বন্দরে নোঙর করে থাকবে। এছাড়া প্রায় ২ হাজার অ্যাথলেটের জন্য শিপিং কন্টেইনার-স্টাইলের আবাসন ব্যবস্থা করা হয়েছে। বাকিদের থাকার জন্য টোকিওতে হোটেল ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যেখানে সাঁতার, ডাইভিং ও অশ্বারোহী ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।

Leave a Comment