ফ্রান্সের গ্রাভলিন পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক মাত্রায় জেেলিফিশের অনুপ্রবেশের ফলে কেন্দ্রটির বেশ কয়েকটি ইউনিটের উৎপাদন আংশিক বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা সংস্থা ইডিএফ (EDF) জানিয়েছে, সমুদ্রের পানি শীতলীকরণ ব্যবস্থায় জেেলিফিশ আটকে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে।
বুধবার ও বৃহস্পতিবার জেেলিফিশের উপস্থিতির কারণে কেন্দ্রটির ছয়টি ইউনিটের মধ্যে দুটি বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ১০ আগস্ট থেকে আরও একটি ইউনিট একই কারণে বন্ধ রয়েছে এবং চতুর্থ একটি ইউনিট নিয়মিত পরিদর্শনের জন্য আগে থেকেই বন্ধ ছিল। বর্তমানে কেন্দ্রটির তিন, চার এবং ছয় নম্বর ইউনিট অকার্যকর অবস্থায় রয়েছে।
গ্রাভলিন ফ্রান্সের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর একটি, যা ডানকার্ক ও ক্যালে অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত খাল থেকে এই কেন্দ্রের শীতলীকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সাধারণত উষ্ণ আবহাওয়ায় সমুদ্রের উপরিভাগে প্লাঙ্কটনের পরিমাণ বেড়ে গেলে জেেলিফিশের আনাগোনা বৃদ্ধি পায়।
শীতলীকরণ ব্যবস্থায় জেেলিফিশের প্রবেশ ঠেকাতে স্থানীয় জেলেদের সঙ্গে একযোগে কাজ করছে কর্তৃপক্ষ। জেলেদের মাধ্যমে সমুদ্রের গভীরে জেেলিফিশ স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে স্কটল্যান্ড ও সুইডেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রেও এমন বিরল ঘটনার নজির রয়েছে। বর্তমানে সতর্কতা হিসেবে এক ও দুই নম্বর ইউনিট কমিয়ে চালানো হচ্ছে।