যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৮৫ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা পিটার কালেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে প্রিয়জনদের উপস্থিতিতে তিনি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ট্রান্সফরমার্স সিরিজের বীর চরিত্র অপ্টিমাস প্রাইম এবং ডিজনি’র উইনি দ্য পুহ ফ্র্যাঞ্চাইজির ইওর চরিত্রে কণ্ঠ দিয়ে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
কানাডীয় এই অভিনেতা ১৯৮৪ সালে ট্রান্সফরমার্স টেলিভিশন সিরিজে প্রথমবারের মতো অপ্টিমাস প্রাইমের কণ্ঠে অভিনয় করেন। পরবর্তীকালে ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুক্তি পাওয়া সাতটি হলিউড চলচ্চিত্রসহ বিভিন্ন স্পিন-অফে তিনি একই চরিত্রে কণ্ঠ দেন। তার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ ক্যারিয়ারে পিটার কালেন বহু স্মরণীয় চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টেলিভিশন শো নাইট রাইডারে কার (KARR), ১৯৮৭ সালের দ্য প্রিডেটর চলচ্চিত্রে প্রিডেটরের কণ্ঠ এবং ১৯৭৬ সালে মুক্তি পাওয়া কিং কং চলচ্চিত্রে কিং কং-এর গর্জন।
অভিনয় জীবনে অনুপ্রেরণা প্রসঙ্গে কালেন জানিয়েছিলেন, অপ্টিমাস প্রাইমের কণ্ঠটি তিনি তার বড় ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন। তার ভাই ছিলেন একজন মার্কিন মেরিন ও ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক। তিনি পরামর্শ দিয়েছিলেন, চরিত্রটিকে যেন কোনো সাধারণ হলিউডি নায়কের মতো না করে একজন প্রকৃত বীরের মতো উপস্থাপন করা হয়।
২০১১ সালে অ্যানিমেটেড প্রোগ্রামে অসাধারণ অভিনয়ের জন্য পিটার কালেন ডে-টাইম এমি পুরস্কারের মনোনয়ন পান। এছাড়া ২০২৩ সালে চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি এমি অ্যাওয়ার্ডস থেকে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া স্পাইডারম্যান, ডনকি কং, অ্যালভিন অ্যান্ড দ্য চিপমানকস এবং ডাক টেলসের মতো জনপ্রিয় সিরিজেও তিনি কণ্ঠ দিয়েছেন।