যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীল মোহন ঘোষণা করেছেন যে, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এখন থেকে ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামের অংশ। ভিডিওর মাধ্যমে সরাসরি অ্যামাজনের পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ তৈরির মাধ্যমে এটি কনটেন্ট ক্রিয়েটরদের উপার্জনের নতুন পথ খুলে দিয়েছে।
এই পরিবর্তনের ফলে যোগ্য ইউটিউব ক্রিয়েটররা তাদের ভিডিও, শর্টস এবং লাইভস্ট্রিমের বর্ণনায় অ্যামাজনের পণ্যের লিংক যুক্ত করতে পারবেন। দর্শকরা সেই লিংকে ক্লিক করে কোনো পণ্য কিনলে সংশ্লিষ্ট ক্রিয়েটর নির্দিষ্ট হারে কমিশন পাবেন। অ্যামাজনের বিশাল পণ্য তালিকার কারণে এটি যেমন দর্শকদের জন্য সহায়ক হবে, তেমনি ক্রিয়েটরদের জন্য আয়ের একটি বড় উৎস হিসেবে কাজ করবে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, গত মার্চ মাসে ই-কমার্স প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সাবস্ক্রাইবারের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ফলে এখন আরও বেশি সংখ্যক ক্রিয়েটর এই সুবিধা পাচ্ছেন। বর্তমানে ১০ লাখেরও বেশি মানুষ ইউটিউব শপিংয়ে যুক্ত রয়েছেন। সম্প্রতি আর্জেন্টিনা, মেক্সিকো এবং যুক্তরাজ্যেও এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি চালু করা হয়েছে।