জিটিএ ৬ গেমে গাড়ি চুরি করা হবে আরও চ্যালেঞ্জিং

August 28, 2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রকস্টার গেমসের আসন্ন গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (GTA 6)-এ গাড়ি চুরির প্রক্রিয়া আগের চেয়ে জটিল ও কৌশলী করা হয়েছে বলে আইজিএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের সহ-স্টুডিও প্রধান রব নেলসন জানিয়েছেন, গেমের গেমপ্লে ও খেলোয়াড়দের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।

আগের গেমগুলোতে কেবল একটি বোতাম চেপে যেকোনো গাড়ি চুরি করা সম্ভব ছিল। নতুন সংস্করণে গাড়ির ব্র্যান্ড ও মডেল অনুযায়ী চুরির পদ্ধতিতে ভিন্নতা থাকবে। খেলোয়াড় গেমের শুরুর দিকে সব ধরনের গাড়ি চুরি করতে পারবেন না। কিছু গাড়ি খোলার জন্য নির্দিষ্ট সরঞ্জামের প্রয়োজন হবে, যা গল্পের অগ্রগতির সাথে সাথে অর্জন করতে হবে। তবে রাস্তায় চলন্ত গাড়ি চালকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সুযোগ সবসময়ই থাকবে।

গাড়ি চুরির নতুন নিয়ম অনুযায়ী, ইলেকট্রনিক কি-ফব যুক্ত গাড়িগুলোর জন্য ‘কি ক্লোনার’ প্রয়োজন হতে পারে। এছাড়া জিপিএস সিস্টেম থাকা গাড়িগুলোর ক্ষেত্রে ধরা না পড়ার জন্য নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর মতো চ্যালেঞ্জও থাকবে। গেমের ভেতরে একটি অ্যাপের মাধ্যমে খেলোয়াড়রা জানতে পারবেন কোন গাড়িটি চুরি করতে কী কী সরঞ্জাম প্রয়োজন এবং গাড়িটির বাজারমূল্য কত।

গেমটির এই নতুন মেকানিজম ছাড়াও বর্তমানে ইন্টারনেটে গেমটির কিছু ক্লিপ ফাঁস হওয়া নিয়ে অস্বস্তিতে রয়েছে রকস্টার গেমস। সাইবারলিক নামক একটি উৎস থেকে এই ফুটেজগুলো ফাঁস হচ্ছে, যাকে রকস্টার ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে। গেমটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টেক-টু এই হ্যাকারদের শনাক্ত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a Comment