যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে এআই ও প্রযুক্তি খাতের শতাধিক প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। ওপেনএআই, গুগল, অ্যানথ্রোপিক, মাইক্রোসফট, এডব্লিউএস, সিসকো ও ক্লাউডফ্লেয়ারসহ বেশ কিছু শীর্ষ প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নিয়েছে। এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাইবার হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সম্মিলিত পদক্ষেপের গুরুত্ব অপরিসীম।
চিঠিতে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো সাইবার সুরক্ষার জন্য মূলত তিনটি মূলনীতি অনুসরণের কথা বলেছে। এর মধ্যে রয়েছে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যে যথেষ্ট নয় তা স্বীকার করা, সাইবার সুরক্ষা সক্ষম এআই প্রযুক্তির প্রসার ঘটানো এবং সাইবার হুমকি মোকাবিলায় সম্মিলিত সাড়া প্রদান।
প্রতিষ্ঠানগুলো মনে করছে, আগামী মাসগুলোতে এআই প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাইবার হামলার ঘটনা আরও ব্যাপক ও জটিল হয়ে উঠবে। এ কারণে প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার এবং সাইবার নিরাপত্তা খাতের সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
চিঠিতে এআই কোম্পানিগুলোকে নিরাপত্তা সরঞ্জাম তৈরি, এজেন্টিক আইডেন্টিটি যাচাইযোগ্য রাখা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ ধরনের উদ্যোগকে অনেকেই দেরিতে নেওয়া প্রচেষ্টা হিসেবে দেখছেন, যেখানে এআই কোম্পানিগুলো নিজেরাই এই প্রযুক্তি বিকাশে ভূমিকা রাখছে।