জেমস পন্ডের এআই-জেনারেটেড লিগ্যাসি কালেকশন নিয়ে ক্ষুব্ধ নির্মাতা ক্রিস সরেল

August 28, 2026

যুক্তরাজ্যের গেম ডেভেলপার প্রতিষ্ঠান সিস্টেম ৩-এর আসন্ন গেম কালেকশন ‘জেমস পন্ড লিগ্যাসি: দ্য পন্ড ইজ নট এনাফ’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গেমটির মূল নির্মাতা ক্রিস সরেল। গেমটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ব্যবহারের অভিযোগে সরেল ডেভেলপারদের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে বলেছেন, তাদের মধ্যে সিরিজটির প্রতি নূন্যতম শ্রদ্ধা নেই।

সিরিজের নির্মাতা ক্রিস সরেল টাইম এক্সটেনশনকে জানান, এই নতুন কালেকশন তৈরির বিষয়ে তার সাথে কোনো আলোচনা করা হয়নি বা তাকে সম্পৃক্ত করা হয়নি। তিনি আরও বলেন, যদি সিরিজটির প্রতি বিন্দুমাত্র সম্মান থাকত, তবে তারা তার সাথে যোগাযোগ করতেন। সরেলের মতে, গেমটির বর্তমান ডেভেলপাররা কেবল বাণিজ্যিক মুনাফার লোভে সিরিজটিকে ব্যবহার করছেন।

সিস্টেম ৩ গত সপ্তাহে নতুন এই গেমের ট্রেলার প্রকাশ করে। তবে ট্রেলারটি প্রকাশের পরপরই অনলাইনে গেমারদের মধ্যে ব্যাপক সন্দেহ ও সমালোচনার সৃষ্টি হয়। যদিও ডেভেলপাররা দাবি করেছেন যে গেমের আর্ট তৈরির প্রক্রিয়াটি ছিল মানুষের নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের ব্লগ পোস্টের ছবিগুলোও এআই দিয়ে তৈরি বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে জেমস পন্ডের স্বত্ব সিস্টেম ৩ এবং গেমওয়্যার ইউরোপের অধীনে রয়েছে। সরেল এই সিরিজের স্বত্বাধিকারী না হওয়ায় গেমটি কীভাবে বাজারে আসবে সে বিষয়ে তার আইনি কোনো প্রভাব নেই। নতুন এই কালেকশনের মেনু এবং বক্স আর্টে ব্যবহৃত ছবিগুলো মূল গেমের টু-ডি গ্রাফিক্সের তুলনায় অত্যন্ত নিম্নমানের এবং অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ভক্তরা।

ক্রিস সরেল এই কালেকশনকে একদল আত্মাহীন ব্যবসায়ীর দীর্ঘদিনের ব্র্যান্ড শোষণের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।

Leave a Comment