যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার অপারেটর গ্যাব্রিয়েল পেরেজকে ১ লাখ ৭২ হাজার ডলার (প্রায় ১ লাখ ২৭ হাজার পাউন্ড) জরিমানা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার গোপন ও আগাম তথ্য ব্যবহার করে বাজির বাজারে সুবিধা নেওয়ার অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন (সিএফটিসি)।
তদন্তে জানা গেছে, গ্যাব্রিয়েল পেরেজ ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কালশি (Kalshi) নামক একটি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের ওপর বাজি ধরতেন। সিএফটিসি জানিয়েছে, পেরেজ তার দায়িত্বের অপব্যবহার করে এই তথ্য সংগ্রহ করেছিলেন। তাকে অর্জিত মুনাফা হিসেবে ১ লাখ ৭ হাজার ৫৩৯ ডলার ফেরত দিতে হবে এবং অতিরিক্ত ৬৫ হাজার ডলার জরিমানা গুনতে হবে।
তদন্তে সহযোগিতার কারণে তার জরিমানার পরিমাণ কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে তাকে আগামী তিন বছরের জন্য যেকোনো ধরনের ট্রেডিং বা বাজি ধরা থেকে নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত জুলাই মাসে তৎকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, পেরেজকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে এবং তিনি আর স্বপদে ফিরবেন না।
ঘটনার সূত্রপাত হয় যখন কালশি প্ল্যাটফর্মের বিশ্লেষকরা তাদের সাইটে অস্বাভাবিক বাজি ধরার প্রবণতা লক্ষ্য করেন। ব্যবহারকারী নির্দিষ্ট কিছু শব্দ বা স্লোগান ব্যবহারের ওপর বাজি ধরছিলেন। পরবর্তীতে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে, বাজি ধরছেন খোদ হোয়াইট হাউসের এক কর্মী। এরপরই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করে কালশি কর্তৃপক্ষ। ঘটনার পর হোয়াইট হাউস থেকে সরকারি কর্মকর্তাদের প্রেডিকশন মার্কেটে বাজি না ধরার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।