যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন এবং গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের মধ্যে সংযোগ সমস্যার কারণে সাধারণত অ্যান্ড্রয়েড অটো কাজ করা বন্ধ করে দেয়। এই সমস্যা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন জ্যাক হুইটকম্ব, যা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ।
ক্যাবল ও সংযোগ সেটিংস পরীক্ষা
স্মার্টফোন এবং গাড়ির সংযোগ দুর্বল হলে এই সমস্যা হয়। যদি আপনি ক্যাবল ব্যবহার করেন, তবে সেটি ক্ষতিগ্রস্ত কি না তা নিশ্চিত করুন। প্রয়োজনে ক্যাবল পরিবর্তন করুন এবং নিশ্চিত হোন যে ক্যাবলটি ডেটা ট্রান্সফার সমর্থন করে। গুগলের নির্দেশিকা অনুযায়ী, ছয় ফুটের চেয়ে ছোট ক্যাবল ব্যবহার করা উচিত এবং কোনো এক্সটেনশন ব্যবহার থেকে বিরত থাকা ভালো। যদি ওয়্যারলেস সংযোগ ব্যবহার করেন, তবে ব্লুটুথ ও ওয়াই-ফাই চালু আছে কি না তা যাচাই করুন এবং একবার সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় যুক্ত করুন।
ডিভাইস রিস্টার্ট ও পুনরায় সংযোগ
ক্যাবল বা ওয়্যারলেস সংযোগ ঠিক থাকলে ফোন রিস্টার্ট দিন। এতে ফোনের মেমোরিতে থাকা চলমান প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে নতুনভাবে কাজ শুরু করতে পারে। এরপর সেটিংস থেকে অ্যান্ড্রয়েড অটোতে গিয়ে বর্তমান গাড়িটি রিমুভ বা ‘ফরগেট’ করে নতুন করে সংযোগ দিন। একই মেনু থেকে অ্যান্ড্রয়েড অটো স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার সেটিংসও ঠিক করে নিতে পারেন।
অ্যান্ড্রয়েড অটোর ক্যাশ ফাইল পরিষ্কার
যদি সমস্যা থেকেই যায়, তবে ফোনের সেটিংস থেকে অ্যাপস মেনুতে গিয়ে অ্যান্ড্রয়েড অটো খুঁজে বের করুন। সেখান থেকে ‘ফোর্স স্টপ’ করে স্টোরেজ অপশনে গিয়ে ক্যাশ ফাইল এবং ডেটা ক্লিয়ার করুন। এরপর পুনরায় সংযোগ দিয়ে দেখুন সমস্যাটি সমাধান হয়েছে কি না।
অন্যান্য সমাধান
সব চেষ্টার পরও কাজ না হলে ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন এবং গুগল প্লে সার্ভিস আপডেট করুন। এছাড়া ভিপিএন চালু থাকলে তা সংযোগে বাধা সৃষ্টি করতে পারে, তাই ভিপিএন বন্ধ রাখুন। ব্যাটারি সেভার মোডও অ্যান্ড্রয়েড অটোর কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। সবশেষে, আপনার গাড়িটি অ্যান্ড্রয়েড অটোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা পুনরায় যাচাই করে নিন এবং সম্ভব হলে অন্য কোনো ফোন দিয়ে পরীক্ষা করে দেখুন সমস্যাটি ফোনের না কি গাড়ির।