যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ম্যাকবুক বাইরে ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং যথাযথ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে। অ্যাপলের ভাষ্যমতে, বাইরে ব্যবহারের সময় ল্যাপটপের তাপমাত্রা, পর্দার উজ্জ্বলতা এবং আর্দ্রতা যাচাই করা জরুরি, যা যন্ত্রটির দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা নিশ্চিত করতে সহায়ক।
তাপমাত্রা সতর্কতা
অ্যাপলের নির্দেশিকা অনুযায়ী, ম্যাকবুক ব্যবহারের জন্য আদর্শ পরিবেশগত তাপমাত্রা ১০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৫০ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট) মধ্যে থাকা উচিত। গ্রীষ্মকালে সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ রাখলে এই সীমা অতিক্রম করতে পারে, যা ব্যাটারির স্থায়ী ক্ষতি করতে পারে। অ্যাপল গাড়ি বা বদ্ধ স্থানে ল্যাপটপ ফেলে না রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া, সরাসরি সূর্যের আলো থেকে দূরে ছায়াযুক্ত স্থানে ল্যাপটপ ব্যবহার করা উত্তম, কারণ এটি ল্যাপটপের কুলিং সিস্টেমের ওপর চাপ কমায়।
পর্দার উজ্জ্বলতা ও ব্যাটারি
বাইরের উজ্জ্বল আলোতে ম্যাকবুকের স্ক্রিন দেখতে সমস্যা হতে পারে, যার ফলে ব্যবহারকারীরা স্ক্রিনের উজ্জ্বলতা বাড়িয়ে দেন। ল্যাপটপের মডেলভেদে উজ্জ্বলতার সক্ষমতা ভিন্ন হয়, তবে অতিরিক্ত উজ্জ্বলতা দ্রুত ব্যাটারি খরচ করে ফেলে। তাই সূর্যের প্রতিফলন এড়াতে বসার অবস্থান পরিবর্তন বা ছায়াযুক্ত স্থান বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা উজ্জ্বলতা কমিয়ে ব্যাটারি সাশ্রয়ে সাহায্য করবে।
সতর্কতা ও পরিবেশ
ম্যাকবুক ব্যবহারের জন্য সর্বদা একটি শক্ত ও সমতল জায়গা বেছে নেওয়া উচিত। বালিশ, তোশক বা বিছানার ওপর ল্যাপটপ রাখলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়, যা যন্ত্রটিকে অতিরিক্ত গরম করে তোলে। এছাড়া বৃষ্টি, কুয়াশা বা উচ্চ আর্দ্রতার মধ্যে ল্যাপটপ, পাওয়ার অ্যাডাপ্টার ও চার্জিং ক্যাবল ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর্দ্র আবহাওয়া শুরু হলে দ্রুত চার্জার খুলে ল্যাপটপটি শুকনো স্থানে সরিয়ে নেওয়া উচিত।