ইউএস ওপেনে গাঁজার গন্ধে অতিষ্ঠ টেনিস তারকারা

August 30, 2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফ্ল্যাশিং মিউডোতে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে গাঁজার গন্ধ খেলার মনোযোগ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ টেনিস তারকা কেটি বোল্টার। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের সময় এই গন্ধে খেলোয়াড়দের বিড়ম্বনায় পড়ার বিষয়টি সরাসরি উল্লেখ করেছেন তিনি।

নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য গাঁজা সেবন আইনত বৈধ। যদিও টুর্নামেন্ট প্রাঙ্গণে ধূমপান নিষিদ্ধ, কিন্তু ইউএস ওপেনের ভেন্যুটির পাশেই করোনা পার্ক অবস্থিত। সেখান থেকেই মূলত গাঁজার তীব্র গন্ধ ভেসে আসে, যা খেলোয়াড়দের মনোযোগের ওপর প্রভাব ফেলে।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৬০তম অবস্থানে থাকা কেটি বোল্টার বলেন, তিনি এই বিষয়টি পছন্দ করেন না। ম্যাচ চলাকালীন মনোযোগ ধরে রাখতে হয়, কিন্তু হঠাৎ গাঁজার গন্ধে সেই একাগ্রতা নষ্ট হয়ে যায়। তিনি জানান, এর আগেও বেশ কয়েকজন খেলোয়াড় নির্দিষ্ট কিছু কোর্টে এই সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

এর আগেও নোভাক জোকোভিচ, আলেকজান্ডার জেরেভ এবং মারিয়া সাক্কারির মতো খেলোয়াড়রা একই ধরনের অভিযোগ করেছিলেন। ২০২২ সালে নিক কিরগিওস জানিয়েছিলেন, দর্শকের ধূমপানের কারণে তার অ্যাজমার সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।

ইউএস ওপেন আয়োজক ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানিয়েছে, তারা স্থানীয় পুলিশ ও পার্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভেন্যুর সীমানায় ধূমপান নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে প্রাঙ্গণের বাইরের বিষয়ের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই বলে তারা স্বীকার করেছে।

অন্যান্য ব্রিটিশ খেলোয়াড় ফ্রান জোন্স এবং হ্যারিয়েট ডার্টও বিষয়টিকে নিউইয়র্কের স্বাভাবিক পরিবেশ হিসেবে দেখছেন। হ্যারিয়েট ডার্টের মতে, এটি পুরো নিউইয়র্ক শহরেই পাওয়া যায়, তাই খেলোয়াড়দের এটি মেনে নিয়েই খেলতে হচ্ছে।

Leave a Comment