যুক্তরাষ্ট্রের অ্যাপল ইনকরপোরেশনের তৈরি আইফোনের বিভিন্ন সমস্যা সমাধান বা ডেটা মুছে ফেলার জন্য সফট এবং হার্ড রিসেট প্রক্রিয়া বেশ কার্যকর। প্রযুক্তিবিষয়ক লেখক ডেভেন ম্যাকক্লুর জানান, ফোন ঠিকঠাক কাজ না করলে বা নতুন কাউকে দেওয়ার আগে নির্দিষ্ট ধাপে রিসেট দেওয়া প্রয়োজন। এটি মেরামতের জন্য দোকানে নেওয়ার আগে প্রাথমিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফোর্স রিস্টার্ট
ফোনের র্যাম পরিষ্কার বা কোনো সমস্যাযুক্ত অ্যাপ বন্ধ করতে রিস্টার্ট দেওয়া প্রথম ধাপ। যদি সাধারণ উপায়ে ফোন বন্ধ না হয়, তবে ফোর্স রিস্টার্ট করা যায়। এর জন্য প্রথমে ভলিউম আপ এবং দ্রুত ভলিউম ডাউন বাটন চেপে ছাড়তে হবে। এরপর অ্যাপল লোগো না আসা পর্যন্ত সাইড বাটনটি চেপে ধরে রাখতে হবে। এতে কোনো ডেটা হারায় না।
সফট রিসেট
সব সেটিংস মুছে ফেলার মাধ্যমে সমস্যার সমাধান করতে সফট রিসেট দেওয়া হয়। এতে ফোনের ডেটা না মুছলেও ওয়াই-ফাই, ব্লুটুথ, অ্যাপল পে এবং ব্যক্তিগত কাস্টমাইজেশন রিসেট হয়ে যায়। এটি করতে সেটিংস মেনু থেকে জেনারেল, তারপর ট্রান্সফার অর রিসেট আইফোন অপশনে যেতে হবে। সেখানে রিসেট বাটনে চাপ দিয়ে প্রয়োজনীয় সেটিংস নির্বাচন করতে হবে।
হার্ড রিসেট
এটি ফোনের একদম শেষ ধাপের সমাধান বা ফোন হস্তান্তরের আগে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় ফোনের সব ডেটা মুছে যায়। তাই এটি করার আগে আইক্লাউড ব্যাকআপ রাখা জরুরি। সেটিংস থেকে জেনারেল, এরপর ট্রান্সফার অর রিসেট আইফোন সিলেক্ট করে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাপল পাসওয়ার্ড ও ফোন লক কোড দিলে সম্পূর্ণ ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে।