মদ্যপান ছাড়ার পরও কেন লিভার সুস্থ হয় না, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

August 31, 2026

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের গবেষকরা লিভারের পুনর্গঠন ক্ষমতা ব্যাহত হওয়ার মূল কারণ উদঘাটন করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মদ্যপানের ফলে লিভারের কোষগুলো এমন এক মধ্যবর্তী অবস্থায় আটকা পড়ে, যা তাদের স্বাভাবিক কার্যক্ষমতা বা পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে বাধা দেয়। গবেষণাপত্রটি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে। এই আবিষ্কার লিভারের জটিল রোগ নিরাময়ে নতুন চিকিৎসার পথ দেখাতে পারে বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান ও জৈব রসায়নের অধ্যাপক আউনাশ কালসোত্রা।

সাধারণত লিভার নিজেকে মেরামত করার এক অসাধারণ ক্ষমতা রাখে। ক্ষতিগ্রস্ত হওয়ার পর লিভারের কোষগুলো তাদের পরিচয় পরিবর্তন করে নতুন টিস্যু তৈরির মাধ্যমে নিজেকে পুনর্গঠন করতে পারে। তবে অ্যালকোহলজনিত লিভারের রোগে এই চক্রটি বাধাগ্রস্ত হয়। গবেষকরা দেখেছেন, এই রোগে আক্রান্ত লিভারের কোষগুলো পরিণত অবস্থা থেকে পুনর্গঠন প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করলেও তা শেষ করতে পারে না। কোষগুলো তখন এক অকার্যকর দশায় আটকে থাকে, যা শেষ পর্যন্ত লিভার অকেজো হওয়ার দিকে ঠেলে দেয়।

গবেষকদের মতে, এই সমস্যার মূল কারণ হলো প্রদাহ, যা আরএনএ স্প্লাইসিং বা জিনগত সংকেত থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ায় ত্রুটি তৈরি করে। ইএসআরপি২ (ESRP2) নামক একটি প্রোটিনের অভাব এই প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখে। লিভারের কোষের ভেতরে প্রয়োজনীয় প্রোটিনগুলো সঠিক স্থানে পৌঁছাতে না পারায় পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হয়। ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, প্রদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে ইএসআরপি২-এর মাত্রা পুনরুদ্ধার করা যায় এবং আরএনএ স্প্লাইসিং স্বাভাবিক হতে শুরু করে। এই গবেষণার ফলাফল ভবিষ্যতে অ্যালকোহলজনিত লিভারের রোগের চিকিৎসায় এবং প্রদাহ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Leave a Comment