জার্মানির মিউনিখে ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজির বার্ষিক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এক গবেষণার তথ্য তুলে ধরে গবেষক নাউন লি জানিয়েছেন, সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোতে ঘুমের অভাব হৃদযন্ত্র ও রক্তনালীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই ছুটির দিনে কিছুটা বেশি ঘুমালে তা হৃদযন্ত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
গবেষণার পটভূমি
কোরিয়া ইউনিভার্সিটি অব সিউলের গবেষকরা ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ৪০ হাজার ৭২৭ জন প্রাপ্তবয়স্কের ওপর এই গবেষণা চালিয়েছেন। গবেষকরা সপ্তাহের কাজের দিনগুলোর তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে অংশগ্রহণকারীদের অতিরিক্ত ঘুমের সময়কাল পর্যবেক্ষণ করেন।
ফলাফলে দেখা গেছে, ছুটির দিনে গড়ে এক ঘণ্টা ৩৭ মিনিট বাড়তি ঘুমালে উচ্চ রক্তচাপের ঝুঁকি ৯ শতাংশ পর্যন্ত কমে যায়। শারীরিকভাবে অলস ব্যক্তিদের ক্ষেত্রে এই সুবিধা আরও বেশি পরিলক্ষিত হয়েছে। সামগ্রিকভাবে, সাপ্তাহিক ছুটির দিনে ঘুমের ঘাটতি পুষিয়ে নেওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি ৬ শতাংশ হ্রাস করে।
সতর্কতা
গবেষক নাউন লি জানান, সপ্তাহের অন্যান্য দিনে পর্যাপ্ত ঘুমাতে না পারলে ছুটির দিনে কিছুটা বেশি ঘুমানোর জন্য অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই। তবে তিনি অতিরিক্ত ঘুমের বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, ছুটির দিনে মাত্রাতিরিক্ত ঘুমালে শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম ব্যাহত হতে পারে, যা লাভের চেয়ে ক্ষতির কারণ হতে পারে।
পূর্ববর্তী গবেষণা
এর আগে লন্ডনে অনুষ্ঠিত ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজির সম্মেলনে ৯০ হাজার মানুষের ওপর পরিচালিত আরেকটি গবেষণা উপস্থাপন করা হয়েছিল। সেখানে দেখা গেছে, যারা সাপ্তাহিক ছুটির দিনে পর্যাপ্ত ঘুমান, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২০ শতাংশ কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন রাতে সাত থেকে নয় ঘণ্টা নিয়মিত ঘুমই সবচেয়ে কার্যকর।