যুক্তরাষ্ট্রের বেলভিউতে অবস্থিত গেম ডেভেলপার প্রতিষ্ঠান ভালভের স্টিম প্ল্যাটফর্মের দীর্ঘ এক দশকের তথ্য ফাঁস হয়েছে। নিরাপত্তা গবেষক ও গেমারদের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্টিমের ১২ টেরাবাইটেরও বেশি অভ্যন্তরীণ ডেটা অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই বিশাল তথ্যভাণ্ডারে ভালভের নিজস্ব গেমসহ বিভিন্ন থার্ড পার্টি ডেভেলপারের তৈরি গেমের বেটা ভার্সন এবং চূড়ান্ত সংস্করণের ফাইল রয়েছে।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে হাফ-লাইফ, লেফট ফোর ডেড, পোর্টাল, কল অফ ডিউটি, ফলআউট এবং সিভিলাইজেশনের মতো জনপ্রিয় সিরিজের গেম ফাইল অন্তর্ভুক্ত রয়েছে। গিটহাবে এই ফাইলগুলোর একটি তালিকাও তৈরি করা হয়েছে।
ফাঁস হওয়া ফাইলের বড় একটি অংশ বিশ্লেষণ করে জানা গেছে, এতে ভালভের একটি অপ্রকাশিত গেম ‘এফ-স্টপ’ (F-Stop)-এর গেমপ্লে এবং পোর্টাল সিরিজের প্রিক্যুয়েল সম্পর্কিত তথ্য রয়েছে। এছাড়া হাফ-লাইফ ২: এপিসোড ৩ সিরিজের বাতিল হওয়া গেমটির বিভিন্ন রেফারেন্সও পাওয়া গেছে।
এক্স ব্যবহারকারী গ্যাবে ফলোয়ারের দাবি, ভালভের একটি উন্মুক্ত স্টোরেজ এন্ডপয়েন্টের মাধ্যমে এই তথ্যগুলো ফাঁস হয়েছে। যেহেতু ২০১৩ সালের পর কোম্পানিটি তাদের স্টোরেজ সিস্টেম পরিবর্তন করেছিল, তাই ফাঁস হওয়া ফাইলগুলো ওই সময় পর্যন্ত সীমাবদ্ধ।
গবেষকরা এখনও এই বিশাল তথ্যভাণ্ডার যাচাই-বাছাই করছেন। তবে এই বিষয়ে ভালভ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।