যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ওয়ালেট অ্যাপে কার্ড এবং ডিজিটাল পাস যুক্ত করার সহজ পদ্ধতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে কার্ড বা পাস ব্যবস্থাপনা করে ডিজিটাল লেনদেন এবং প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস সহজ করতে পারেন।
অ্যাপল ওয়ালেটে কার্ড যুক্ত করার নিয়ম
আইফোনে ডেবিট বা ক্রেডিট কার্ড যুক্ত করতে ওয়ালেট অ্যাপ ওপেন করে প্লাস (+) বাটনে ট্যাপ করতে হবে। এরপর কার্ডের তথ্য ম্যানুয়ালি লিখে অথবা ফিজিক্যাল কার্ডটি আইফোনের কাছাকাছি এনে স্ক্যান করা সম্ভব। তবে মনে রাখতে হবে, কার্ড ইস্যুকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদনের ওপর ভিত্তি করে এটি কার্যকর হয়। ট্রানজিট পাস, ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ডের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা যায়। আইফোনে কার্ড যুক্ত করলে তা স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল ওয়াচ বা ম্যাকবুকের ওয়ালেটে যুক্ত হয় না; প্রতিটি ডিভাইসে আলাদাভাবে কার্ড সেটআপ করতে হয়।
পাস যুক্ত করার উপায়
ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া অন্য সব ডিজিটাল কার্ড যেমন—লয়্যালটি কার্ড, গিফট কার্ড, মুভি বা ইভেন্ট টিকেট মূলত ‘পাস’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের পাস সরাসরি ওয়ালেটে টাইপ করে যুক্ত করা যায় না। যে প্রতিষ্ঠান বা রিটেইলার এই পাস ইস্যু করেছে, তাদের ওয়েবসাইটে বা অ্যাপে ‘অ্যাড টু অ্যাপল ওয়ালেট’ বাটন থাকলে সেখান থেকেই এটি যুক্ত করতে হয়। অ্যাপল গিফট কার্ডের ক্ষেত্রে ওয়ালেট থেকে কার্ডে গিয়ে রিডিম অপশন ব্যবহার করে ব্যালেন্স যোগ করা যায়।
কার্ড অপসারণ ও নিরাপত্তা
ডেবিট বা ক্রেডিট কার্ড রিমুভ করতে কার্ড ডিটেইলস অপশনে গিয়ে ‘রিমুভ কার্ড’ নির্বাচন করতে হবে। তবে এটি শুধুমাত্র সেই নির্দিষ্ট ডিভাইস থেকে কার্ডটি সরাবে। অন্যদিকে কোনো পাস রিমুভ করলে তা আইক্লাউড বা অন্যান্য সংযুক্ত ডিভাইস থেকেও মুছে যাবে।
ফোন হারিয়ে গেলে করণীয়
আইফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যবহারকারীরা অন্য ডিভাইস থেকে অ্যাপল অ্যাকাউন্টে সাইন-ইন করে ওয়ালেট থেকে কার্ডগুলো সরিয়ে ফেলতে পারেন। এছাড়া ‘ফাইন্ড মাই’ ফিচার চালু থাকলে আইফোনকে লস্ট মোডে রেখেও কার্ডের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা সম্ভব।