যুক্তরাজ্যের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটি তাদের পুরনো কপার বা তামার নেটওয়ার্ক থেকে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, দেশজুড়ে পূর্ণ-ফাইবার ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের প্রক্রিয়ায় পুরনো টেলিফোন লাইনের কপারগুলো রিসাইকেল করে কোম্পানিটি এই বিপুল অর্থ আয়ের সুযোগ পাচ্ছে। বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার এবং বৈদ্যুতিকায়ন খাতে তামার ব্যাপক চাহিদার কারণে এর দাম আগের চেয়ে অনেক বেড়েছে।
বিটি-র সহযোগী প্রতিষ্ঠান ওপেনরিচ বর্তমানে তাদের পুরনো কপার নেটওয়ার্ক সরিয়ে ফাইবার ব্রডব্যান্ড স্থাপন করছে। ২০৩০ সালের মধ্যে প্রায় ৩ কোটি বাড়িতে এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। গত এক অর্থবছরেই প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার মেট্রিক টন তামা সংগ্রহ করেছে, আর ২০২৩ সাল থেকে এই পরিমাণ ২২ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে। ওপেনরিচের সাসটেইনেবিলিটি প্রধান অ্যাবি চিকেন জানান, আধুনিক অর্থনীতিতে কপার বা তামা বর্তমানে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে।
পুরনো ধাতুর এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিটি এরই মধ্যে ইএমআর নামক একটি ক্যাবল রিসাইক্লিং কোম্পানির সাথে চুক্তি করেছে। এর আওতায় সম্প্রতি বিটি ৯৯ মিলিয়ন পাউন্ড অগ্রিম পেয়েছে। এদিকে, তামার দাম বেড়ে যাওয়ায় চোরদের নজর পড়েছে পুরনো টেলিফোন লাইনের ওপর। বিভিন্ন এলাকায় ক্যাবল চুরির ঘটনা ঘটছে, যার ফলে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ওপেনরিচ তাদের ক্যাবলগুলোতে সিন্থেটিক ডিএনএ এবং ইউভি ট্র্যাসার ব্যবহার করার উদ্যোগ নিয়েছে।