বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হীরা, নতুন সম্ভাবনার দুয়ার খুললেন বিজ্ঞানীরা

September 1, 2026

হংকংয়ের হংকং বিশ্ববিদ্যালয়ে হীরা থেকে বিদ্যুৎ উৎপাদনের উপায় আবিষ্কার করেছেন গবেষকরা। অধ্যাপক ঝিকিন চু এবং অধ্যাপক ইউয়ান লিনের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, অতি পাতলা ও নমনীয় হীরার পর্দা থেকে পরিমাপযোগ্য পাইজোইলেকট্রিক সাড়া পাওয়া সম্ভব। এই আবিষ্কারের ফলে হীরা সম্পর্কে গত এক শতাব্দীর প্রচলিত ধারণা বদলে গেল।

দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল, হীরা পাইজোইলেকট্রিক পদার্থ নয়। অর্থাৎ, যান্ত্রিক চাপে এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। এ কারণে প্রকৌশলবিদ্যার ক্ষেত্রে হীরার স্থায়িত্ব ও তাপীয় পরিবাহিতা থাকা সত্ত্বেও একে মূলত অন্যান্য পাইজোইলেকট্রিক উপকরণের কাঠামোগত সহায়তা হিসেবে ব্যবহার করা হতো।

গবেষক দলটি একটি বিশেষ প্রক্রিয়ায় হীরার অতি পাতলা ও নমনীয় পর্দা তৈরি করেন। যখন এই পর্দাটি বাঁকানো হয়, তখন তা থেকে স্থিতিশীল ভোল্টেজ সংকেত পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এই বিদ্যুৎ উৎপাদনের ঘটনাটি প্রকৃত এবং এটি হীরার অভ্যন্তরীণ ক্ষুদ্র স্ফটিকগুলোর মধ্যকার অসামঞ্জস্যতা থেকে তৈরি হয়।

এই আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। হীরা রাসায়নিকভাবে স্থিতিশীল এবং মানবদেহের জন্য নিরাপদ হওয়ায় এটি ভবিষ্যতে ইমপ্লান্টেবল মেডিকেল ডিভাইস বা শরীরের ভেতরে বসানো যন্ত্রপাতির শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় সেন্সর এবং ক্ষুদ্রাকার বিদ্যুৎ ব্যবস্থা তৈরিতেও এই প্রযুক্তি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment