যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার বাজারে প্রবেশের পরিকল্পনার কথা জানিয়েছে। স্টারম্যান অপটিক্যাল নামের একটি অপটিক্যাল-ফোটোনিক্স কোম্পানির সাথে ২৮৫ মিলিয়ন ডলারের একীভূতকরণ চুক্তির মাধ্যমে এই ব্যবসায়িক মোড় নিতে যাচ্ছে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই চুক্তি সম্পন্ন হলে গোপ্রোর শেয়ারহোল্ডাররা ২৮৫ মিলিয়ন ডলার পাবেন এবং কোম্পানিটিতে তাদের প্রায় ১০ শতাংশ মালিকানা বজায় থাকবে। এছাড়া গোপ্রোর প্রায় ৯২ মিলিয়ন ডলারের বকেয়া ঋণও পরিশোধ করা হবে।
চুক্তিটি সম্পন্ন হওয়ার জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অন্যান্য আইনি শর্ত পূরণ সাপেক্ষে কাজ চলছে। গোপ্রো আশা করছে, ২০২৬ সালের শেষ নাগাদ এই একীভূতকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
গোপ্রো তাদের বিদ্যমান অ্যাকশন ক্যামেরা উৎপাদন, সাবস্ক্রিপশন এবং ক্লাউড পরিষেবা অব্যাহত রাখার পাশাপাশি নতুন বাজারে বিস্তারের লক্ষ্য নির্ধারণ করেছে। স্টারম্যানের অপটিক্যাল ট্রানসিভার প্রযুক্তি ব্যবহার করে এআই অবকাঠামো খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করবে তারা। একইসাথে কোম্পানির বিদ্যমান ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অপটিকস এবং ইমেজিং সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা, সরকার, রোবোটিক্স এবং মহাকাশ গবেষণা খাতেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
সাম্প্রতিক অবস্থা
এআই অবকাঠামো খাতে গোপ্রোর এই যাত্রা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২০১৪ সালে শেয়ার বাজারে অভিষেকের পর কোম্পানিটির বাজারমূল্য ৪ বিলিয়ন ডলারে পৌঁছালেও সাম্প্রতিক বছরগুলোতে শেয়ারের দরপতন দেখা দেয়। তবে সোমবার জনপ্রিয় ইউটিউবার ও চলচ্চিত্র নির্মাতা মার্কিপ্লায়ার (মার্ক ফিশবাখ) প্রতিষ্ঠানটির ৮.৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার ঘোষণা দিলে গোপ্রোর শেয়ারের দাম বৃদ্ধি পায়।