যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলে একটি উন্নত টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ব্লু অরিজিনকে নতুন একটি চুক্তি প্রদান করেছে। নাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ মঙ্গলে পাঠানো বিভিন্ন মহাকাশযান থেকে বৈজ্ঞানিক তথ্য, ছবি ও নেভিগেশনাল ডেটা পৃথিবীতে আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলে মানব অভিযানের প্রস্তুতি হিসেবে এই টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি।
চুক্তি অনুযায়ী, প্রায় ৭০ কোটি ডলারের বিনিময়ে ব্লু অরিজিনকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন মার্স টেলিযোগাযোগ অরবিটার তৈরি করতে হবে। এই অরবিটার মঙ্গলের পৃষ্ঠে ও এর চারপাশে সক্রিয় থাকা মহাকাশযানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে।
আর্তেমিস কর্মসূচির মাধ্যমে নাসা বর্তমানে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে। এ মিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর ভিত্তি হিসেবে কাজ করবে। সেই লক্ষ্য পূরণে পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদান অপরিহার্য।
ব্লু অরিজিন এর আগেও নাসার সঙ্গে লুনার ল্যান্ডার তৈরির কাজ করেছে। তবে চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানটির নিউ গ্লেন রকেট কর্মসূচির লঞ্চপ্যাডে বিস্ফোরণের ঘটনা ঘটে। লঞ্চপ্যাড মেরামতের সময় নিয়ে ব্লু অরিজিনের প্রধান নির্বাহী এবং নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের দেওয়া তথ্যের মধ্যে ভিন্নতা রয়েছে। যেখানে প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ মেরামতের আশা করছে, সেখানে নাসা প্রশাসক আইজ্যাকম্যানের প্রক্ষেপণ অনুযায়ী, এটি ২০২৮ সাল পর্যন্ত অকেজো থাকতে পারে।