রাশিয়ার আকাশসীমা অত্যন্ত বিপজ্জনক, বিমান সংস্থাগুলোকে সতর্ক করলেন জেলেনস্কি

September 2, 2026

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে রাশিয়ার আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলার কারণে রাশিয়ার আকাশপথ এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, যারা এখনো রাশিয়ার প্রধান বিমানবন্দরগুলো ব্যবহার করছেন এবং রুশ আকাশসীমার ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা করছেন, তারা বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট তার সান্ধ্যকালীন ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা বেসামরিক বিমান চলাচলকে লক্ষ্যবস্তু করতে চান না, কিন্তু রাশিয়ার আকাশে ড্রোন হামলার ব্যাপকতা বাড়ছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই আহ্বান জানানো হয়েছে। এই হুমকির বিষয়টি ইউক্রেন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকেও (আইসিএও) অবহিত করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে চাই। তবে যুদ্ধের আঁচ এখন রাশিয়ার ভেতরেও পৌঁছাচ্ছে। বর্তমানে তুরস্ক ও চীনের মতো দেশগুলোর উড়োজাহাজ নিয়মিত রুশ আকাশসীমা ব্যবহার করে যাতায়াত করছে।

এদিকে ইউক্রেনের এই সতর্কতাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানে এক সম্মেলনে তিনি বলেন, যারা ড্রোন হামলার মতো কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের সাথে আলোচনার সুযোগ নেই।

বর্তমানে ফাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনো রাশিয়ার ওপর দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা করছে। কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের মতো সংস্থাগুলো জানিয়েছে, তারা ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ফ্লাইটের রুট পরিবর্তন করবে।

বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরে বিদ্যুৎ কেন্দ্র ও বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে বৃদ্ধি পাওয়ায় রুশ আকাশসীমায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। রাশিয়ার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেও আকাশপথে ভ্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ ড্রোন শনাক্ত হলে প্রায়ই দেশটির বিমানবন্দরগুলোতে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখতে হয়।

Leave a Comment