যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল-এর টিভি ব্যবহারকারীদের অনেকেই অনেক সময় রিমোটের সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা রিমোট কাজ না করার মতো সমস্যার সম্মুখীন হন। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, রিমোটের সংযোগ মেরামত বা ডিভাইসটি অন্য কাউকে হস্তান্তরের আগে এটি রিসেট করা প্রয়োজন হতে পারে। সাধারণ কিছু ত্রুটি নিরসনের মাধ্যমে রিমোট পুনরায় সচল করা সম্ভব।
রিমোট রিসেট করার উপায়
প্রথম প্রজন্মের বা তার পরের সিরি রিমোটের ক্ষেত্রে অ্যাপল টিভিটি অন্তত ছয় সেকেন্ডের জন্য বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এরপর টিভি বা কন্ট্রোল সেন্টার এবং ভলিউম ডাউন বাটন একসঙ্গে পাঁচ সেকেন্ড চেপে ধরতে হবে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বার্তা দেখা দিলে ব্যাক বা মেনু বাটন এবং ভলিউম আপ বাটন পাঁচ সেকেন্ড চেপে ধরে পুনরায় পেয়ার করতে হবে। পুরনো অ্যালুমিনিয়াম বা সাদা রিমোটের ক্ষেত্রে টিভির দিকে রিমোট ধরে মেনু ও হোম বাটন ছয় সেকেন্ড চেপে রাখতে হবে। স্ট্যাটাস লাইট জ্বলতে শুরু করলে মেনু ও রাইট বাটন ছয় সেকেন্ড চেপে ধরলে রিমোটটি রিসেট হবে।
অন্যান্য সমাধান
রিসেট করার আগে ব্যাটারির চার্জ চেক করা জরুরি। অ্যাপল টিভির সেটিংসে গিয়ে রিমোটের ব্যাটারি লেভেল যাচাই করা যায়। চার্জ কম থাকলে নতুন ব্যাটারি লাগানো বা রিচার্জযোগ্য রিমোটের ক্ষেত্রে চার্জ দিয়ে নিতে হবে। অনেক সময় পুরো সিস্টেম রিস্টার্ট দিলেও সিগন্যাল বা ব্লুটুথ সংযোগজনিত সমস্যার সমাধান হয়।
টিভিওএস ১৮.০ বা তার পরবর্তী সংস্করণের ক্ষেত্রে সেটিংসে গিয়ে ব্লুটুথ সিগন্যাল শক্তিশালী কি না তা পরীক্ষা করা সম্ভব। সিগন্যাল দুর্বল হলে অ্যাপল টিভির কাছাকাছি এসে ব্যবহার করতে হবে অথবা টিভির অবস্থান পরিবর্তন করতে হবে। সব প্রচেষ্টার পরও রিমোট কাজ না করলে অ্যাপল সাপোর্ট সেন্টারের সহায়তা নেওয়া বা ওয়ারেন্টি কভারেজ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আইফোন বা আইপ্যাডকেও রিমোট হিসেবে ব্যবহার করা সম্ভব।