যুক্তরাষ্ট্রের মুদ্রায় ট্রাম্পের ছবি: শত বছরের ঐতিহ্যে নতুন সংযোজন

September 3, 2026

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত ১ ডলারের নতুন মুদ্রা বাজারে ছেড়েছে ইউএস মিন্ট। দেশটির আড়াইশ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ মুদ্রা প্রকাশ করা হয়েছে, যা গত ১০০ বছরের ইতিহাসে প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি সম্বলিত মুদ্রা।

সাধারণত মার্কিন আইন অনুযায়ী, কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রণীত একটি বিশেষ আইনি ধারার সুযোগ নিয়ে এই নিষেধাজ্ঞা এড়িয়ে ট্রাম্পের ছবি মুদ্রায় স্থান দেওয়া হয়েছে।

ইউএস মিন্ট জানিয়েছে, এই মুদ্রাগুলো সাধারণ লেনদেনের জন্য প্রচলিত বাজারে ছাড়া হয়নি, তবে এগুলো আইনি দরপত্র বা লিগ্যাল টেন্ডার হিসেবে ব্যবহারযোগ্য। মুদ্রাগুলো বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে এর স্টক শেষ হয়ে যায়। এছাড়া ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস মিন্ট স্টোরের ভেন্ডিং মেশিন থেকেও এই মুদ্রাগুলো সংগ্রহ করা যাচ্ছে।

মুদ্রাটির একদিকে ট্রাম্পের প্রতিকৃতি এবং অপরপাশে ‘লিবার্টি’ ও ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে। সোনালি রঙের এই মুদ্রাগুলো মূলত তামা, দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের সংমিশ্রণে তৈরি, এতে কোনো স্বর্ণের ব্যবহার নেই।

এর আগে ১৯২৬ সালে আমেরিকার ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি সম্বলিত অর্ধ-ডলারের মুদ্রা বাজারে ছাড়া হয়েছিল। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ২০২০ সালের ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এর আলোকে এই ডিজাইন করা হয়েছে, যা মুদ্রার সামনের অংশে জীবিত ব্যক্তির ছবি ব্যবহারের বিষয়ে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে এর আগে মার্কিন কাগজী মুদ্রায় তার স্বাক্ষর যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মে মাসে ২৫০ ডলারের নতুন ব্যাংক নোট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন, যেখানে ট্রাম্পের প্রতিকৃতি থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment