যুক্তরাজ্যের চেলটেনহাম রেসকোর্সে অনুষ্ঠিত ব্রিটিশ ওপেনে চারবারের চ্যাম্পিয়ন জন হিগিন্সকে ৪-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৯ বছর বয়সী টিনএজার স্ট্যান মুডি। বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের শেষ আটে নিজের জায়গা নিশ্চিত করলেন মুডি।
ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। স্কটল্যান্ডের ৫১ বছর বয়সী খেলোয়াড় হিগিন্স দুইবার পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিলেন। তবে মুডি শেষ পর্যন্ত নিজের আধিপত্য বজায় রাখেন। ৩-২ ব্যবধানে এগিয়ে থাকার পর শেষ ফ্রেমে ৬১-০ পয়েন্টে পিছিয়ে থেকেও দুর্দান্ত ৬৮ পয়েন্টের ক্লিয়ারেন্স দিয়ে জয় নিশ্চিত করেন মুডি।
কোয়ার্টার ফাইনালের পথচলা
শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্ট্যান মুডি মুখোমুখি হবেন লিয়াম হাইফিল্ডের। এদিকে, ডেভিড গিলবার্টকে ৪-০ ব্যবধানে হারিয়ে সহজ জয় পেয়েছেন জাড ট্রাম্প। পরবর্তী রাউন্ডে ট্রাম্পের প্রতিপক্ষ চীনের ঝাও জিনটং, যিনি মার্ক জয়সকে হারিয়ে শেষ আটে উঠেছেন।
টুর্নামেন্টের অন্যান্য লড়াইয়ে জ্যাক লিসোস্কি ৪-১ ব্যবধানে লু হাওতিয়ানকে এবং মার্ক সেলবি ৪-২ ব্যবধানে ইউলিয়ান বয়কোকে হারিয়েছেন। এছাড়া জ্যাক জোন্স, অ্যারন হিল এবং লিয়াম হাইফিল্ড নিজ নিজ ম্যাচে জয় পেয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।