জার্মানির উলফসবুর্গে অবস্থিত বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অলিভার ব্লুম জানিয়েছেন, কোম্পানির দীর্ঘ ৯ দশকের ইতিহাসে এটি সবচেয়ে বড় পুনর্গঠন প্রক্রিয়া। প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এর আগে চলতি বছরের মার্চ মাসে কোম্পানিটি ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে ২০৩০ সাল নাগাদ মোট ১ লাখ কর্মীকে ছাঁটাই করার পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। এই ছাঁটাই প্রক্রিয়ার আওতায় ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরাও থাকবেন।
কেন এই সিদ্ধান্ত
বিশ্বজুড়ে গাড়ি বিক্রির হার কমে যাওয়া এবং মুনাফা হ্রাস পাওয়ায় ফোক্সভাগেন সংকটের মুখে পড়েছে। বিশেষ করে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আরোপিত আমদানি শুল্কের কারণে কোম্পানিটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া জার্মানির এমডেন, জুইকাউ, হ্যানোভার এবং নেকারসালম প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় বেশি হওয়ায় এগুলোর ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবছে কর্তৃপক্ষ।
পরবর্তী পদক্ষেপ
ব্যয় কমানোর অংশ হিসেবে ২০৩৫ সাল নাগাদ নিজস্ব মডেলের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ফোক্সভাগেন। এর পাশাপাশি কোম্পানির অফার করা পণ্যের জটিলতা ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠানটি এখন থেকে সবচেয়ে আকর্ষণীয় গাড়িগুলোর উৎপাদনের ওপর গুরুত্ব দেবে। তবে এই পরিস্থিতিকে একটি সংকটকালীন অবস্থা হিসেবে উল্লেখ করে ইউরোপের বৃহত্তম শিল্প ইউনিয়ন আইজি মেটালের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানে বেননার জানিয়েছেন, কর্মীদের জন্য ভালো সমাধানের লক্ষ্যে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন।