যুক্তরাষ্ট্রের রেডমন্ডে মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স তাদের ক্লাউড গেমিং ফিচারে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। আগামী নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে গেম পাস সাবস্ক্রাইবারদের জন্য ক্লাউড গেমিংয়ের সময়সীমা নির্ধারিত থাকবে। কোম্পানিটি জানিয়েছে, গেম পাস আলটিমেট সাবস্ক্রাইবাররা মাসে ১৫ ঘণ্টা, প্রিমিয়াম সদস্যরা ১০ ঘণ্টা এবং এসেনশিয়াল সাবস্ক্রাইবাররা ৫ ঘণ্টা ক্লাউড গেমিংয়ের সুবিধা পাবেন। এই পরিবর্তন গেম পাসের মোট গ্রাহকের মাত্র চার শতাংশের ওপর প্রভাব ফেলবে বলে দাবি করেছে এক্সবক্স।
নতুন এই পরিকল্পনার অধীনে এখন থেকে যে কেউ এক্সবক্স স্টোর থেকে অর্থ দিয়ে বাড়তি ক্লাউড গেমিং সময় কিনে নিতে পারবেন। এর ফলে গেম পাস সাবস্ক্রাইবার না হয়েও সাধারণ ব্যবহারকারীরা এক্সবক্স লাইব্রেরি থেকে গেম স্ট্রিম করার সুযোগ পাবেন। এমনকি পুরনো কনসোল ব্যবহারকারীরাও নতুন হার্ডওয়্যার না কিনে সিরিজ এক্স বা এস গেমগুলো খেলার সুযোগ পাবেন। তবে এই বাড়তি সময় কেনার খরচ বাজারভেদে ভিন্ন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক্সবক্সের নতুন সিইও আশা শর্মার অধীনে বর্তমানে কোম্পানির কৌশলে বড় ধরনের পরিবর্তন এসেছে। গেমিং কনসোলের ওপর পুনরায় গুরুত্বারোপের পাশাপাশি সাবস্ক্রিপশন মডেলে এই নতুন সময়সীমা নির্ধারণ তাদের বর্তমান ব্যবসায়িক নীতির অংশ। যদিও আগে আলটিমেট প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা আনলিমিটেড ক্লাউড গেমিংয়ের সুবিধা পেতেন, কিন্তু সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে সেই সুযোগ সীমিত হয়ে এল।