যুক্তরাজ্যের স্টকপোর্টের বাসিন্দা ক্যালাম রাসেল ২০১৮ সালে মাউন্টেন বাইক রেসিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে কোমরের নিচ থেকে পঙ্গু হয়ে যান। পেশাদার রেসার রাসেল বিসি স্পোর্টকে জানান, দুর্ঘটনার মুহূর্তেই তিনি বুঝেছিলেন তার জীবন চিরতরে বদলে গেছে, কিন্তু ভেঙে না পড়ে তিনি মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। স্পাইনাল কর্ডের টি১১ ইনজুরি নিয়ে হুইলচেয়ারে জীবন শুরু করলেও তিনি খেলাধুলা ও নতুন নতুন সুযোগের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখেছেন।
দুর্ঘটনার পর রাসেল প্রথমে রোয়িংয়ে মনোযোগ দেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য পান। তবে সহকর্মী বেন প্রিচার্ডের অনুপ্রেরণায় তিনি আবারও সাইক্লিংয়ে ফিরে আসেন। ২০২৩ সালে তিনি গ্রেট ব্রিটেনের হয়ে হ্যান্ডসাইক্লিং শুরু করেন এবং দুই বছরের মাথায় বেলজিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নশিপে টাইম ট্রায়ালে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস গড়েন।
খেলার মাঠের বাইরে রাসেল একজন মডেল হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন। দুর্ঘটনার পর থেকেই তিনি বিভিন্ন ব্র্যান্ড ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করছেন। তিনি মনে করেন, শারীরিক প্রতিবন্ধকতা জীবনের সমাপ্তি নয়, বরং এটি অনেক নতুন সুযোগের দ্বার উন্মোচন করে। যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখন পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এই অ্যাথলেট।