জার্মানির ভলফসবুর্গে অবস্থিত অটোমোবাইল জায়ান্ট ভক্সওয়াগেন তাদের টিকে থাকার পরিকল্পনার অংশ হিসেবে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিটির নির্বাহী বোর্ড ‘ফিউচার প্ল্যান ২০৩০’ অনুমোদন করেছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৯ শতাংশ অপারেটিং মার্জিন অর্জন করা। বৈশ্বিক তীব্র প্রতিযোগিতা, বাজারের চাহিদার পরিবর্তন এবং প্রযুক্তিগত পরিবর্তনের কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্মী ছাঁটাই ও কারখানার ভবিষ্যৎ
ছাঁটাইয়ের তালিকায় ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া ইউরোপে কোম্পানির সক্ষমতা চাহিদার তুলনায় ৫ লাখ ইউনিট বেশি হওয়ায় ভক্সওয়াগেন তাদের বিভিন্ন কারখানা পুনর্গঠন কিংবা পুরোপুরি বন্ধের বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে জার্মানির এমডেন, জুইকাউ, হ্যানোভার এবং নেকারসালম প্ল্যান্টগুলোর ভবিষ্যৎ নিয়ে কোম্পানিটি পর্যালোচনা করছে। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে এসব কারখানার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মডেল ও ব্র্যান্ডের বিন্যাস
ব্যয় কমানোর অংশ হিসেবে কোম্পানিটি তাদের মডেলের সংখ্যা ৫০ শতাংশ এবং উৎপাদনের জটিলতা ৭৫ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। যেসব মডেলের চাহিদা কম, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভক্সওয়াগেন গ্রুপ তাদের স্প্যানিশ ব্র্যান্ড ‘সিট’ (Seat) কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করেছে। তবে সিট থেকে আলাদা হওয়া ব্র্যান্ড ‘কুপরা’ (Cupra) অব্যাহত থাকবে। সীমিত সংখ্যক মডেলের ওপর গুরুত্ব দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।