যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রিমিয়ার লিগ রেফারি মাইক ডিন দাবি করেছেন যে, মাঠে দায়িত্ব পালনের সময় তিনি মজা করার জন্য একটি নিজস্ব ‘মিনি-গেম’ খেলতেন। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ার শেষে ২০২২ সালে মাঠ থেকে অবসরে যাওয়া ৫৮ বছর বয়সী এই রেফারি জানান, তিনি খেলার শুরুতে দীর্ঘ সময় বাঁশি না বাজিয়ে খেলার প্রবাহ বজায় রাখার চেষ্টা করতেন। জেমি ভার্ডির পডকাস্টে তিনি বলেন, এমন সময় গেছে যখন ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত তিনি বাঁশি বাজাননি। তার এই মন্তব্যের পর রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি সমালোচনার মুখে পড়েছেন।
তবে সমালোচনার মুখে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে মাইক ডিন নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, রেফারিংয়ের পবিত্রতা নষ্ট করার কোনো উদ্দেশ্য তার ছিল না। ২৫ বছরের ক্যারিয়ারে তিনি সবসময় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং খেলার গতি বজায় রাখতে চেয়েছেন। তার দাবি, খেলোয়াড়দের সুবিধার্থে তিনি সবসময়ই শারীরিক সংঘাতের ক্ষেত্রে উচ্চ সহনশীলতা প্রদর্শন করতেন।
বিবিসি স্পোর্টস মাইক ডিনের এই দাবির সত্যতা যাচাই করতে ২০০৮-০৯ থেকে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যাচগুলো পর্যালোচনা করেছে। বিশ্লেষণের তথ্য বলছে, মাঠের রেফারি হিসেবে ২০ মিনিট বাঁশি না বাজিয়ে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডিনের অফিসিয়াল ম্যাচের রেকর্ড ঘেঁটে দেখা যায়, সর্বোচ্চ ১৮ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত বাঁশি না বাজানোর উদাহরণ রয়েছে, যা ওয়েস্ট ব্রম বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ঘটেছিল। এছাড়া ক্রিস্টাল প্যালেস বনাম স্টোক সিটির ম্যাচে তিনি ১৮ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত কোনো বাঁশি বাজাননি।
অন্যান্য সাবেক রেফারিরা ডিনের এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। মার্ক হালসি বিবিসি স্পোর্টসকে বলেছেন, বর্তমান সময়ে রেফারিদের ওপর এমনিতেই বাড়তি চাপ থাকে, ডিনের এমন বক্তব্য বিষয়টিকে আরও জটিল করেছে। তার মতে, একজন রেফারির জন্য ২০ মিনিটের বেশি সময় বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে যাওয়া বাস্তবে প্রায় অসম্ভব।