যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে লিন্ডসে ক্ল্যান্সির বিচার প্রক্রিয়া স্থগিত

September 5, 2026

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তান হত্যার দায়ে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির বিচার প্রক্রিয়াটি আদালতের বিচারক মিট্রিয়াল বা স্থগিত ঘোষণা করেছেন। জুরিবোর্ড বিচারকদের সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এ আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

২০২৩ সালে লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে হত্যার তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছিল। লিন্ডসে তার সন্তানদের হত্যার বিষয়টি অস্বীকার করেননি, তবে তার আইনজীবীরা আদালতে দাবি করেন, ঘটনার সময় তিনি প্রসবোত্তর মানসিক সমস্যায় (পোস্টপার্টাম সাইকোসিস) ভুগছিলেন। তাই তাকে ফৌজদারি অপরাধী হিসেবে গণ্য করা উচিত নয় বলে যুক্তি দেন তারা।

গত পাঁচ সপ্তাহ ধরে চলা এই বিচার প্রক্রিয়াটি সারা যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে আলোচিত ও বিভাজিত ছিল। লিন্ডসের মানসিক অবস্থা এবং অপরাধের দায়বদ্ধতা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত রায়ে পৌঁছাতে ব্যর্থ হলো আদালত।

Leave a Comment