যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

September 5, 2026

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পাম্পে ডিজেলের দাম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের পকেটে টান পড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলার, যা গত বছরের এই সময়ে ছিল ৩ দশমিক ৭১ ডলার। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর যে দাম উঠেছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে ডিজেল মূলত ট্রাক, ট্রেন, জাহাজ, বাস, কৃষি ও নির্মাণকাজে ব্যবহৃত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান সংকট শুরুর পর থেকে পাইকারি বাজারে তেলের দাম বাড়ায় জ্বালানি মূল্যে এই উল্লম্ফন দেখা দিয়েছে। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে।

জ্বালানি তেলের এই উচ্চমূল্য নিয়ন্ত্রণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সাথে একটি নতুন তেল চুক্তির ঘোষণা দিয়েছেন। এই চুক্তির আওতায় ভেনেজুয়েলার ১৭টি কৌশলগত তেল ক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এই প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ আসবে।

তবে বিশ্লেষকরা এই চুক্তি নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ভেনেজুয়েলার তেল শিল্পে দীর্ঘদিনের বিনিয়োগ বাধার জায়গাগুলো এই চুক্তিতে সমাধান হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আগামী নভেম্বরে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আকাশচুম্বী জ্বালানি মূল্য ভোটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। রয়টার্স ও ইপসোস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে নেমে এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে জ্বালানির দাম অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি, যা স্থানীয়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ওয়াশিংটনে বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। পাশাপাশি সাধারণ পেট্রোলের দামও গ্যালনপ্রতি ৪ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।

Leave a Comment