যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল তাদের আইওএস ২৭ আপডেটের মাধ্যমে সাফারিতে ‘নোটিফাই মি’ নামে নতুন একটি টুল যুক্ত করেছে। এই টুলের সাহায্যে ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটের পণ্যের দাম কমলে বা পণ্য স্টকে ফিরলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন, যা অনলাইনে কেনাকাটা আরও সহজ করে তুলবে।
সাফারির এই নতুন ফিচারটি আইফোন, আইপ্যাড ওএস ২৭ এবং ম্যাক ওএস ২৭ গোল্ডেন গেট ভার্সনে ব্যবহার করা যাবে। এর জন্য কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন নেই। কেবল পণ্যের দাম নয়, কনসার্টের টিকিটের প্রাপ্যতা, ট্যুর ডেট কিংবা যেকোনো নির্দিষ্ট খবরের আপডেট পেতেও এই টুলটি ব্যবহার করা সম্ভব।
কিভাবে সেটআপ করবেন
প্রথমে সাফারির অ্যাড্রেস বারের বাম দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ বা ক্লিক করতে হবে। এরপর ‘নোটিফাই মি’ অপশনটি সিলেক্ট করলে একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখানে আপনি কী ধরনের পরিবর্তনের ওপর নজর রাখতে চান, তা লিখে দিতে হবে। যেমন- দাম ১০০ ডলারের নিচে নামলে বা নির্দিষ্ট রঙের পণ্য স্টকে ফিরলে আপনি সতর্কতা পেতে পারেন।
পরবর্তী ধাপে ব্লু এডিট বাটনে ক্লিক করে কত ঘনঘন (ঘণ্টা, দিন, সপ্তাহ বা মাস) টুলটি পেজটি চেক করবে তা নির্ধারণ করা যাবে। ওপরের ডানদিকে নীল রঙের টিক চিহ্ন দেখালে আপনার সতর্কতাটি নিশ্চিত হবে।
অন্যান্য তথ্য
ফিচারটি ডিভাইসের ভেতরে কাজ করে, ক্লাউডে নয়। তাই যে ডিভাইসে আপনি নিয়মিত নোটিফিকেশন পেতে চান, সেখানেই এটি সেটআপ করা উচিত। যদি কোনো সতর্কতা পরিবর্তন বা মুছে ফেলতে চান, তবে একই পেজে গিয়ে ‘এডিট’ অপশনে ক্লিক করতে হবে। অথবা সেটিংস থেকে সাফারি অপশনে গিয়ে নিচে থাকা ‘নোটিফাই মি’ থেকে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব।