কলম্বিয়ার নর্তে দে সান্তান্দের প্রদেশের ওকানা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভেনেজুয়েলা সীমান্ত সংলগ্ন এই এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করা হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হামলার পর দুই সেনা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, হামলায় বিস্ফোরকবাহী অন্তত ২০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার পর ঘাঁটির ভেতরেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি কলম্বিয়ার ক্যাটাটুম্বো অঞ্চলের একটি সামরিক স্থাপনা, যেখানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বিদ্যমান এবং সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট অ্যাবেলার্দো দে লা এসপ্রিইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, কোনো সেনা বা পুলিশ সদস্যের মৃত্যুতে রাষ্ট্র বসে থাকবে না। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।
প্রেসিডেন্ট দে লা এসপ্রিইয়া ক্ষমতায় আসার পর সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। তবে তার এই নীতির ফলে দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এদিকে, আগামী সপ্তাহে এই পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কলম্বিয়ার বারানকিয়া শহরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।