যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ চ্যাটজিপিটি সংস্করণ উন্মোচন করেছে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য এই সংস্করণটি মূলত একটি শিক্ষামূলক টুল হিসেবে তৈরি করা হয়েছে, যাতে বিষয়বস্তু নিয়ন্ত্রণে কঠোরতা বজায় রাখা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ডিফল্ট সেটিংস সবসময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। অভিভাবকরা কীভাবে তাদের সন্তানদের অ্যাকাউন্টের সাথে নিজেদের অ্যাকাউন্ট যুক্ত করে নিয়ন্ত্রণ নিশ্চিত করবেন, তা নিচে দেওয়া হলো।
অ্যাকাউন্ট লিঙ্কিং পদ্ধতি
প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের প্রথম ধাপ হলো অভিভাবক ও সন্তানের অ্যাকাউন্ট একে অপরের সাথে যুক্ত করা। এর জন্য চ্যাটজিপিটির সেটিংস মেনু থেকে প্যারেন্টাল কন্ট্রোল অপশনে গিয়ে ফ্যামিলি মেম্বার হিসেবে সন্তানের ইমেইল বা ফোন নম্বর যোগ করতে হবে। সন্তান আমন্ত্রণ গ্রহণ করলে অভিভাবক তার সেটিংসগুলো পর্যালোচনা বা পরিবর্তন করতে পারবেন। সন্তান ১৮ বছর পূর্ণ করলে এই সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অভিভাবকের নিয়ন্ত্রণ আর কার্যকর থাকবে না।
সেটিংসের কার্যকারিতা
অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর অভিভাবকরা বিভিন্ন ফিচারের ওপর নিয়ন্ত্রণ পান। যেমন, ‘রিডিউস সেনসিটিভ কন্টেন্ট’ অপশনটি ক্ষতিকর বিষয়বস্তু রোধ করে। এছাড়া ‘স্টাডি মোড’ ব্যবহার করে সন্তানকে সরাসরি উত্তর না দিয়ে শেখার প্রক্রিয়ায় সহায়তা করা যায়। অভিভাবকরা চাইলে নির্দিষ্ট সময়ের জন্য ‘কোয়েট আওয়ার্স’ বা ব্যবহারের সময়সীমাও নির্ধারণ করতে পারেন।
নিরাপত্তা বিজ্ঞপ্তি
ওপেনএআই জানিয়েছে, যদি কোনো ব্যবহারকারী নিজের বা অন্যের ক্ষতি করার বিষয়ে চ্যাটজিপিটির সাথে আলোচনা করে, তবে কোম্পানিটি অবিলম্বে অভিভাবকদের সতর্কবার্তা পাঠাবে। এই বার্তা ইমেইল, টেক্সট বা অ্যাপের মাধ্যমে পাঠানো হয়। প্রতিটি ফ্ল্যাগড কন্টেন্ট ওপেনএআই-এর কর্মীরা যাচাই করার পর এক ঘণ্টার মধ্যে অভিভাবকদের জানানোর চেষ্টা করা হয়।
পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, সন্তানদের জন্য কিছু সেটিংস পরিবর্তন করা জরুরি। যেমন, ‘রেফারেন্স সেভড মেমোরিজ’ এবং ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ অপশনগুলো বন্ধ রাখলে চ্যাটবটের সাথে কিশোর-কিশোরীদের অতিরিক্ত আবেগীয় সম্পর্ক তৈরি হওয়ার ঝুঁকি কমে এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়া পড়াশোনার নির্দিষ্ট সময়ে স্টাডি মোড চালু রাখা সন্তানদের জন্য কার্যকর হতে পারে।