যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর করা এক ট্রিলিয়ন ডলারের মামলায় ওমর আল-বায়ুমি নামের এক ব্যক্তিকে ঘিরে নতুন সব ভিডিও ফুটেজ সামনে এসেছে। বিবিসি প্যানোরামার অনুসন্ধানে পাওয়া এসব ফুটেজে আল-বায়ুমির সাথে সৌদি সরকারের কর্মকর্তাদের গভীর যোগাযোগ এবং আল-কায়েদার এক ভবিষ্যৎ নেতার সাথে তার ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়েছে। এসব তথ্য সামনে আসার ফলে ৯/১১ হামলার সাথে আল-বায়ুমির সম্পৃক্ততা ও তার উগ্রবাদী সংশ্লিষ্টতা নিয়ে এতদিনকার অস্বীকার ধোপে টেকেনি।
৯/১১ হামলার কয়েক দিনের মধ্যেই এফবিআই এসব ভিডিও হাতে পেয়েছিল। ওমর আল-বায়ুমি দীর্ঘদিন ধরে নিজেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করে আসলেও, ভিডিওতে তাকে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার তৎকালীন নেতা আনোয়ার আল-আওলাকির সাথে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। আরেকটি ক্লিপে আল-বায়ুমি ও আওলাকিকে সান দিয়াগোর কাছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে পেইন্টবল খেলতে দেখা যায়।
তদন্তে উঠে এসেছে যে, হামলার পরপরই যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ আল-বায়ুমিকে আটক করেছিল। সেই সময় তার কাছ থেকে একটি উড়োজাহাজের নকশা ও এর অবতরণের গাণিতিক হিসাব সম্বলিত কাগজ উদ্ধার করা হয়েছিল। যদিও এসব গুরুত্বপূর্ণ প্রমাণ এফবিআইয়ের কাছে ছিল, কিন্তু তা ৯/১১ কমিশন বা তদন্তকারী কর্মকর্তাদের কাছে যথাযথভাবে পৌঁছানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
পেইন্টবল অনুশীলনের ভিডিওটি প্রসঙ্গে তদন্তকারীরা জানান, হামলার আগে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী জেহাদের প্রশিক্ষণের অংশ হিসেবে এই ধরনের পেইন্টবল সেশন পরিচালনা করত। ভিডিও ফুটেজে আওলাকির সাথে আল-বায়ুমির অন্তরঙ্গ মুহূর্ত এবং সৌদি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তার ঘনঘন বৈঠক সরকারি পর্যায়ে এই যোগসাজশের বিষয়টি আরও জোরালো করেছে।
৯/১১ পরিবারগুলোর আইনি দলের মতে, উদ্ধার হওয়া উড়োজাহাজের নকশাটি ছিল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা আল-বায়ুমির হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত থাকার ইঙ্গিত দেয়। তবে রহস্যজনকভাবে এসব তথ্য এড়িয়ে যাওয়ায় আল-বায়ুমিকে সেই সময় বিচারের আওতায় আনা সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি সৌদি আরবে ফিরে যান। সৌদি সরকার এবং ওমর আল-বায়ুমি উভয়ই বরাবরই এই হামলার সাথে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন।