দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা, আতঙ্কে ফিলিস্তিনি অভিভাবকরা

September 8, 2026

ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-মুঘায়্যির গ্রামে নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের জীবন নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্কুলের প্রধান শিক্ষক বাসেম আল-আসসাফ জানান, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই স্কুলের প্রবেশপথে কাঁটাতারের বেড়া ও গেট শক্তিশালী করা হয়েছে, কারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্রমাগত বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কায় রয়েছেন।

চলতি বছর আল-মুঘায়্যির গ্রামে বসতি স্থাপনকারীদের সহিংসতায় তিন শিক্ষার্থীসহ মোট ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ বছর বয়সী শিক্ষার্থী আওয়াস আল-নাসান গত এপ্রিলে স্কুলের গেটের সামনে গুলিতে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শী ইংরেজি শিক্ষক ওয়াহেদ আবু নায়েম জানান, হামলার সময় শিক্ষার্থীরা ক্লাসরুমের দেয়ালে আড়ালে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, একটি গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় ওই প্রতিক্রিয়া হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় বসতি স্থাপনকারীদের আনাগোনা ও সহিংসতা আগের চেয়ে অনেক বেড়েছে। গ্রামটির চারপাশ অবৈধ বসতি ও আউটপোস্ট দিয়ে ঘেরাও থাকায় বাসিন্দারা প্রতিনিয়ত ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

বাড়ি ছাড়ার চাপ সৃষ্টি করতে বসতি স্থাপনকারীরা পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের একটি অনুসন্ধান প্রতিবেদনেও এমন উদ্বেগজনক তথ্যের সত্যতা মিলেছে। যদিও ইসরায়েল এ ধরনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। এদিকে, জীবন বাজি রেখে হলেও নিজেদের ভিটেমাটি ছাড়তে নারাজ স্থানীয় ফিলিস্তিনিরা। অভিভাবকরা এখন স্কুলের সামনে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দিচ্ছেন যাতে তাদের সন্তানদের কিছুটা নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Leave a Comment