ল্যাপটপের ব্যাটারি চার্জ কতক্ষণ থাকা উচিত এবং এর যত্ন নেওয়ার উপায়

September 8, 2026

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, ল্যাপটপের ব্যাটারি কতক্ষণ চার্জ ধরে রাখবে তা মূলত যন্ত্রটির ধরনের ওপর নির্ভর করে। ল্যাপটপ ব্যবহারের সুবিধার বিষয়টি নিশ্চিত করতে এবং অকালে ব্যাটারি পরিবর্তনের খরচ এড়াতে ব্যাটারির স্থায়িত্ব সম্পর্কে ধারণা থাকা জরুরি।

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব

আধুনিক ল্যাপটপগুলো সাধারণত এক চার্জে চার থেকে ১২ ঘণ্টা পর্যন্ত সচল থাকে। এর মধ্যে প্রিমিয়াম আল্ট্রাবুক ল্যাপটপগুলো আট থেকে ১২ ঘণ্টা, এমনকি আদর্শ অবস্থায় ১৫ ঘণ্টা পর্যন্ত চার্জ দিতে পারে। সাধারণ ল্যাপটপগুলো ছয় থেকে ১০ ঘণ্টা এবং বাজেট ল্যাপটপগুলো চার থেকে সাত ঘণ্টা পর্যন্ত চলতে পারে। তবে গেমিং ল্যাপটপের ক্ষেত্রে এই স্থায়িত্ব মাত্র দুই থেকে চার ঘণ্টা হয়ে থাকে। ব্যবহারের ক্ষেত্রে ভুল চার্জার ব্যবহার ব্যাটারির স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যাটারি ভালো রাখার কৌশল

ব্যাটারির আয়ু বাড়াতে স্ক্রিনের উজ্জ্বলতা কমানো, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা এবং রিফ্রেশ রেট কমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিও এডিটিং, স্ট্রিমিং বা থ্রিডি রেন্ডারিংয়ের মতো ভারী কাজগুলো ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে ফেলে। তাই এসব কাজের ক্ষেত্রে পাওয়ার ব্যাংক বা বিদ্যুৎ সংযোগের কাছাকাছি থাকা ভালো।

তাপমাত্রা ও রক্ষণাবেক্ষণ

লিথিয়াম-আয়ন ব্যাটারি সুরক্ষায় ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ। ৯৫ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি তাপমাত্রা ব্যাটারির স্থায়ী ক্ষতি করতে পারে। একইভাবে হিমাঙ্কের নিচের তাপমাত্রা ব্যাটারির কর্মক্ষমতা সাময়িকভাবে কমিয়ে দেয়। ব্যাটারি পুরোপুরি শূন্য হওয়া বা দীর্ঘসময় চার্জে লাগিয়ে রাখা—উভয়ই ব্যাটারির জন্য ক্ষতিকর। চার্জ ৪০ শতাংশে নামলে পুনরায় চার্জ দেওয়া এবং ৮০ শতাংশে পৌঁছালে চার্জার খুলে ফেলার অভ্যাস ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সহায়তা করে।

Leave a Comment