দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ১.৮৭ বিলিয়ন ডলার বিবাহবিচ্ছেদ নিষ্পত্তি

September 9, 2026

দক্ষিণ কোরিয়ার সিউলের একটি আদালত গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কোওন হিউক-বিনকে তার প্রাক্তন স্ত্রী লি হোয়া-জিনের কাছে ২.৫৫ ট্রিলিয়ন ওন বা ১.৮৭ বিলিয়ন ডলার সম্পদ হস্তান্তরের নির্দেশ দিয়েছে। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অংকের বিবাহবিচ্ছেদ নিষ্পত্তি।

কোওন দক্ষিণ কোরিয়ার শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। আদালতের নির্দেশনা অনুযায়ী, স্মাইলগেটের ৩৫ শতাংশ শেয়ার লি হোয়া-জিনের নামে স্থানান্তর করতে হবে, যার মূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন ওন। এর পাশাপাশি কোওনকে অতিরিক্ত ৬৫ বিলিয়ন ওন নগদ পরিশোধ করতে বলা হয়েছে।

মামলার পটভূমি
২০০১ সালে কোওন ও লির বিয়ে হয় এবং পরের বছরই কোওন স্মাইলগেট প্রতিষ্ঠা করেন। ক্রসফায়ার এবং লস্ট আর্ক-এর মতো জনপ্রিয় গেমের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানের মালিকানায় এতদিন এককভাবে কোওনই ছিলেন। বিবাহবিচ্ছেদের আবেদনে লি হোয়া-জিন কোম্পানির ৫০ শতাংশ শেয়ার দাবি করেছিলেন। তার আইনজীবীদের যুক্তি ছিল, কোম্পানি প্রতিষ্ঠার সময় তিনি আর্থিকভাবে সহায়তা করেছিলেন এবং দীর্ঘ ২০ বছর ধরে সংসার ও সন্তানদের দেখাশোনা করেছেন।

বিপরীতে কোওন দাবি করেছিলেন যে, লি কোম্পানির ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করেননি এবং সেখানে কাজও করেননি। স্মাইলগেটের পক্ষ থেকে এর আগে এক বিবৃতিতে দাবি করা হয়েছিল যে, কোম্পানির প্রাথমিক মূলধনের পুরোটাই কোওন দিয়েছেন। এই রায়ের বিষয়ে স্মাইলগেটের মুখপাত্র ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উভয় পক্ষই আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

কেন গুরুত্বপূর্ণ
এই নিষ্পত্তিটি দেশটির আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে জুলাই মাসে এসকে গ্রুপের চেয়ারম্যান চেই তাই-ওন তার প্রাক্তন স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন প্রদানের নির্দেশ পেয়েছিলেন, যা তৎকালীন রেকর্ড ছিল। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট সম্পদ মূল্যায়নে ভুল হয়েছে উল্লেখ করে সেই রায় পুনর্বিবেচনার নির্দেশ দেয়। কোওন ও লির এই রায় এখন দেশটির আইনি ও করপোরেট অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment