রেকর্ড মূল্যে ওয়াশিংটন স্পিরিটে তানজানিয়ার স্ট্রাইকার লুভাঙ্গা

September 10, 2026

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল উইমেনস সকার লিগের (এনডব্লিউএসএল) ক্লাব ওয়াশিংটন স্পিরিটে যোগ দিয়েছেন তানজানিয়ার স্ট্রাইকার ক্লারা লুভাঙ্গা। সৌদি আরবের ক্লাব আল-নাসর থেকে এই তরুণীকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এই চুক্তিটি নারী ফুটবলের ইতিহাসে অন্যতম দামী ট্রান্সফার হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তির আনুষ্ঠানিক আর্থিক অঙ্ক প্রকাশ করেনি ওয়াশিংটন স্পিরিট। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির মূল্য প্রায় ২৩ লাখ মার্কিন ডলার বা ১৭ লাখ পাউন্ড। যদি এই তথ্য সঠিক হয়, তবে লুভাঙ্গা হবেন ইতিহাসের সবচেয়ে দামী নারী ফুটবলার। যদিও বিবিসি স্পোর্টস এই তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই চুক্তিটি নারী ফুটবলের শীর্ষ পাঁচটি দামী চুক্তির একটি।

২১ বছর বয়সী এই স্ট্রাইকার ২০২৯ সালের এনডব্লিউএসএল মৌসুম পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই দলবদলের মাধ্যমে প্রথম তানজানিয়ান খেলোয়াড় হিসেবে এনডব্লিউএসএলে খেলার গৌরব অর্জন করলেন তিনি।

লুভাঙ্গার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর। সেখানে তিন মৌসুমে তিনি সৌদি ওমেন্স প্রিমিয়ার লিগ, সৌদি ওমেন্স কাপ, সুপার কাপ এবং ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ জেতেন। গত মৌসুমে ১৪ ম্যাচে ২৪ গোল করে লিগের গোল্ডেন বুটও জিতেছিলেন তিনি।

ওয়াশিংটন স্পিরিটের স্পোর্টিং ডিরেক্টর জেমস হকেন জানিয়েছেন, লুভাঙ্গার যোগ দেওয়া দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে। প্লে-অফের লড়াইয়ে তার গোল করার দক্ষতা ক্লাবকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন তিনি।

নিজের নতুন চ্যালেঞ্জ নিয়ে লুভাঙ্গা বলেন, ওয়াশিংটন স্পিরিটে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। মৌসুম চলাকালীন নতুন লিগ এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে আমি মুখিয়ে আছি। ক্যারিয়ারের বড় অংশজুড়ে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর একাগ্রতা ও শৃঙ্খলা অনুসরণ করে এসেছেন বলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই ফুটবলার।

Leave a Comment