যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ব্যবহার করে সম্ভাব্য জৈব অস্ত্র তৈরির প্রচেষ্টায় জড়িত বেশ কয়েকজন বিজ্ঞানীকে শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ক্লদ’ (Claude)-কে জৈব অস্ত্রের গবেষণায় ব্যবহারের অপচেষ্টা চালানো হচ্ছিল। নতুন মডেলগুলো বৈজ্ঞানিক গবেষণায় দক্ষ হয়ে ওঠায় এই ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে পাঁচটি পৃথক ঘটনার উল্লেখ করা হয়েছে যেখানে এআই মডেল ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির ছক কষা হয়েছিল। অ্যানথ্রপিকের থ্রেট ইন্টেলিজেন্স প্রধান জ্যাকব ক্লেইন জানিয়েছেন, বিষয়টি বেশ সূক্ষ্ম। অনেক সময় ভ্যাকসিনের গবেষণার সাথে জৈব অস্ত্র তৈরির গবেষণার পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। তাই সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি সতর্কতামূলক অবস্থান নিয়েছে।
একটি ঘটনায় মে মাসে চিকুনগুনিয়া ভাইরাসের ‘গেইন-অফ-ফাংশন’ গবেষণার জন্য ক্লদ-এর সহায়তা চাওয়া হয়। এই গবেষণার উদ্দেশ্য ছিল ভাইরাসটিকে আরও সংক্রামক করে তোলা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার সক্ষমতা বাড়ানো। যেহেতু এই প্রস্তাবটি একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ছিল, তাই বিষয়টি অ্যানথ্রপিকের নিরাপত্তা শ্রেণিবিন্যাসকারীর নজরে আসে। এছাড়া বার্ড ফ্লু নিয়ে গবেষণা এবং বিষাক্ত টক্সিন পেপটাইড তৈরির কাজেও ক্লদকে অপব্যবহারের তথ্য পাওয়া গেছে।
অ্যানথ্রপিক জানিয়েছে, জড়িত ব্যক্তিদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে অভিযুক্তদের পরিচয় বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। কোম্পানিটি বলছে, যারা এ ধরনের গবেষণায় জড়িত ছিলেন তারা সবাই পেশাদার বিজ্ঞানী। তাদের ক্ষতির উদ্দেশ্য ছিল কি না তা নিশ্চিত না হলেও, নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অপব্যবহার ঠেকাতে মডেলের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।