ব্রাজিলের ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় আদালতটির কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি লুইজ এডসন ফ্যাচিন এই অচলাবস্থার জেরে বৃহস্পতিবারের নির্ধারিত অধিবেশন বাতিল করে আগামী মঙ্গলবার পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। উচ্চ আদালতে এভাবে অধিবেশন বাতিল হওয়া একটি বিরল ঘটনা।
বিচারপতিদের অভ্যন্তরীণ এই সংকটের সূত্রপাত হয় ১ সেপ্টেম্বর, যখন বিচারপতি আন্দ্রে মেন্ডোনকা ফেডারেল পুলিশের কিছু নথিপত্র প্রকাশ করেন। সেখানে ব্যাংকিং কেলেঙ্কারিতে অভিযুক্ত ড্যানিয়েল ভোরকারোর সঙ্গে অপর বিচারপতি আলেজান্দ্রে ডি মোরায়েসের যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়।
বিচারপতি ডি মোরায়েস এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মেন্ডোনকার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। তিনি মেন্ডোনকার কর্মকাণ্ডের বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন। আগামী মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেখানে ডি মোরায়েসের বিরুদ্ধে তদন্ত হবে কি না, তা নির্ধারণ করা হবে।
এই অস্থিরতার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ব্যাংক মাস্টার কেলেঙ্কারিকে। আর্থিক জালিয়াতির দায়ে এই ব্যাংকের প্রধান ড্যানিয়েল ভোরকারো গত বছরের নভেম্বরে গ্রেপ্তার হন। ব্যাংকের প্রায় সাত বিলিয়ন ডলারের ঋণের বোঝা নিয়ে সৃষ্টি হওয়া এই কেলেঙ্কারিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িয়ে পড়েছেন।
সামনে থাকা সাধারণ নির্বাচনে এই অস্থিরতা বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান প্রেসিডেন্ট লুলা ইনাসিও লুলা দা সিলভা এবং সেনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যকার প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই আদালতের এই সংকট নতুন মাত্রা পেয়েছে। এমনকি বলসোনারোর পরিবারের বিরুদ্ধেও এই কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে, যা নিয়ে বর্তমানে পুলিশি অভিযান চলছে।