যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় অনুষ্ঠিত বার্ষিক রোব্লক্স ডেভেলপারস কনফারেন্সে কোম্পানিটি ঘোষণা করেছে যে, ২০২৬ সালের শেষ নাগাদ প্ল্যাটফর্মটিতে ব্রাউজার-ভিত্তিক গেমিং সুবিধা চালু হবে। রোব্লক্সের এই নতুন উদ্যোগের ফলে ব্যবহারকারীরা কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে গেমে প্রবেশ করতে পারবেন। শুরুতে শুধুমাত্র ক্রোম ব্রাউজারে এই সুবিধা পাওয়া যাবে, তবে ভবিষ্যতে অন্যান্য ব্রাউজারেও এটি সম্প্রসারিত হবে।
ব্রাউজার-ভিত্তিক গেমিং
নতুন এই প্রযুক্তির ফলে কোনো সার্চ ইঞ্জিন, ইউটিউব, এক্স বা ইমেইলে থাকা গেমের লিংকে ক্লিক করলেই তাৎক্ষণিকভাবে গেম শুরু করা যাবে। এর ফলে ব্যবহারকারীদের জন্য গেমিং অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুততর হবে।
অফলাইন মোড ও অন্যান্য সুবিধা
২০২৭ সালের মাঝামাঝি সময়ে রোব্লক্স অফলাইন খেলার সুবিধা চালু করবে। এর মাধ্যমে গেম নির্মাতারা তাদের গেমগুলোতে অফলাইন সোলো প্লে বা একক খেলার অপশন যুক্ত করতে পারবেন, যা দুর্বল ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও গেম খেলার সুযোগ তৈরি করবে। এছাড়া ‘প্লে রোব্লক্স এভরিহোয়্যার’ প্রকল্পের অধীনে মোবাইল, পিসি এবং কনসোলে গেমগুলোকে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবে ব্যবহারের সুযোগও তৈরি করা হচ্ছে।
গেমের ধরণ ও প্রযুক্তিগত পরিবর্তন
রোব্লক্স তাদের ইঞ্জিনের সক্ষমতা বৃদ্ধি করছে এবং নতুন ইউজার ইন্টারফেস যুক্ত করছে। এর ফলে প্ল্যাটফর্মটি কেবল থ্রিডি গেমের সীমাবদ্ধতা কাটিয়ে টুডি ও পাজল গেমও সমর্থন করবে। এছাড়া টার্ন-ভিত্তিক ও অ্যাসিনক্রোনাস মাল্টিপ্লেয়ার গেমের সুযোগ বাড়ানোর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আরও বৈচিত্র্যময় গেমের অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।