যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ব্লিজকন ২০২৬-এ গেম নির্মাতা প্রতিষ্ঠান ব্লিজার্ড ঘোষণা দিয়েছে যে, তারা স্টারক্রাফট গেমটিকে একটি স্টোরি-ড্রিভেন ওপেন-ওয়ার্ল্ড শুটার হিসেবে নতুন করে তৈরি করছে। দীর্ঘ প্রতীক্ষার পর গেমটির সিনেমাটিক ট্রেলার উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যা গেমিং বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২০১৭ সালে স্টারক্রাফটের অরিজিনাল ভার্সন রিমাস্টার এবং ১৬ বছর আগে স্টারক্রাফট ২ মুক্তির পর এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভক্তদের মধ্যে নতুন কোনো গেমের প্রবল আগ্রহ ছিল। ব্লিজার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গেমটি বাজারে আনার উপযুক্ত সময় এখনই। তবে প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, এই নতুন গেমটি খেলতে ভক্তদের ২০৩০ সালের বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিগত বছরগুলোতে স্টারক্রাফট নিয়ে বিভিন্ন শুটার গেম তৈরির গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সবশেষ ২০২৪ সালে এমন একটি প্রকল্পের কথা শোনা গিয়েছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার স্টারক্রাফট সিরিজের নতুন গেমটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো। ব্লিজার্ড এক বার্তায় জানিয়েছে, মহাবিশ্বের দূরতম প্রান্ত থেকে নতুন মিশনের আহ্বান আসছে।