চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে এল এদেন নামক একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বৃদ্ধ বাসিন্দা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনাটি নিয়ে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, অগ্নিকাণ্ডের সময় আরও ১০ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছেন মামলার দায়িত্বে থাকা কৌঁসুলি হোর্হে গ্রানাডা।
তদন্ত ও সরকারি প্রতিক্রিয়া
এই মর্মান্তিক ঘটনার পর চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত দেশজুড়ে সমস্ত নার্সিং হোমের নিরাপত্তা ও বর্তমান অবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন, আমরা বিচার বিভাগের সাথে পূর্ণ সহযোগিতা করব যাতে ঘটনার আসল কারণ বেরিয়ে আসে। নার্সিং হোমের তদারকি বা প্রতিরোধমূলক ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খুঁজে বের করাই হবে আমাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এমন ট্র্যাজেডি রোধ করতে যা যা সংশোধন করা প্রয়োজন, তা নিশ্চিত করা হবে।
উদ্ধার তৎপরতা
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং শনিবার সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর শনিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ অপসারণ ও ভেঙে পড়া ধাতব ছাদ সরানোর কাজ করেন। নিরাপত্তার খাতিরে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। স্থানীয় মেয়র জ্যাকলিন রোমেরো এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।