মহাবিশ্বের রহস্য নিয়ে একমত হতে পারছেন না পদার্থবিজ্ঞানীরা

September 13, 2026

কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় এবং পেরিমিটার ইনস্টিটিউটের গবেষকরা বিশ্বজুড়ে পদার্থবিজ্ঞানীদের ওপর একটি বৃহৎ জরিপ পরিচালনা করেছেন। এই জরিপে উঠে এসেছে, মহাবিশ্বের মৌলিক রহস্যগুলো নিয়ে বিজ্ঞানীদের মধ্যে খুব সামান্য বিষয়েই ঐক্যমত রয়েছে। পেরিমিটার ইনস্টিটিউটের অধ্যাপক ও গবেষণার প্রধান নিয়ায়েশ আফশর্দি জানিয়েছেন, আধুনিক পদার্থবিজ্ঞানের বড় বড় প্রশ্নগুলো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে।

গবেষণায় দেখা গেছে, মহাবিশ্বতত্ত্বের স্ট্যান্ডার্ড মডেল বা ল্যাম্বডা কোল্ড ডার্ক ম্যাটার (Lambda Cold Dark Matter) তত্ত্বটির পক্ষেও অধিকাংশ পদার্থবিজ্ঞানী সমর্থন দেননি। ডার্ক এনার্জি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে—সম্প্রতি ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টের (DESI) এমন ফলাফলের পরই এই অনৈক্য আরও স্পষ্ট হয়েছে।

জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ বিজ্ঞানী মনে করেন, বিগ ব্যাং মানেই সময়ের শুরু নয়। এটি কেবল মহাবিশ্বের উত্তপ্ত ও ঘন অবস্থা থেকে বিকাশের একটি প্রক্রিয়া মাত্র। এছাড়া মহাজাগতিক মুদ্রাস্ফীতি (Cosmic Inflation) নিয়ে ৫১ শতাংশ বিজ্ঞানী একমত পোষণ করেছেন। তবে ডার্ক ম্যাটার এবং কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক মতভেদ বিদ্যমান।

ডার্ক ম্যাটার কী দিয়ে গঠিত, তা নিয়ে মাত্র ১৭ শতাংশ বিজ্ঞানী একটি নির্দিষ্ট মত সমর্থন করেছেন। অন্যদিকে কোয়ান্টাম গ্র্যাভিটির ক্ষেত্রে স্ট্রিং থিওরি বা লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির মতো তত্ত্বগুলোর কোনোটিই অধিকাংশ বিজ্ঞানীর সমর্থন পায়নি।

অধ্যাপক নিয়ায়েশ আফশর্দি মনে করেন, এই মতভেদ বিজ্ঞানের জন্য ব্যর্থতা নয়, বরং একটি সুযোগ। তার মতে, যেখানে ঐক্যমতের অভাব রয়েছে, সেখানেই নতুন তথ্য, উন্নত তত্ত্ব এবং গবেষণার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এই অনৈক্যই নির্দেশ করে যে আধুনিক পদার্থবিজ্ঞানের সীমানা এখনো উন্মুক্ত এবং নতুন আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।

Leave a Comment