শুক্র গ্রহের রহস্যময় মেঘের আড়ালে লুকিয়ে কী? নতুন গবেষণায় উন্মোচন

September 13, 2026

দক্ষিণ কোরিয়ার ইন্সটিটিউট ফর বেসিক সায়েন্সের গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল শুক্র গ্রহের বায়ুমণ্ডলে থাকা রহস্যময় ও গাঢ় আল্ট্রাভায়োলেট প্যাটার্নের উৎস নিয়ে নতুন তথ্য দিয়েছেন। বিজ্ঞানীরা দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে শুক্রের মেঘের এই অদ্ভুত গাঢ় দাগগুলো নিয়ে বিভ্রান্ত ছিলেন। নতুন গবেষণায় এই রহস্যময় পদার্থটি ঠিক কতটা শক্তিশালী তা নির্ধারণ করা হয়েছে।

গবেষকরা শুক্র গ্রহ থেকে প্রাপ্ত তথ্য এবং রেডিও-ট্রান্সফার মডেলিংয়ের সমন্বয়ে একটি নতুন কৌশল অবলম্বন করেছেন। তাদের দাবি, মেঘের ভেতরে থাকা তরল কণাগুলো সূর্যের আলোকে কতটা শোষণ করে তা নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব হয়েছে। এই ফলাফলগুলো গবেষকদের বুঝতে সাহায্য করবে যে, ওই রহস্যময় পদার্থটি জৈব নাকি অজৈব কোনো উপাদান।

প্রধান গবেষক ড. জ্যান স্পেসেক জানান, শুক্রের মেঘ ওপর থেকে হালকা হলুদ রঙের দেখালেও, এর ভেতরে থাকা তরল কণাগুলো ঘনীভূত অবস্থায় অত্যন্ত গাঢ় হতে পারে। অনেকটা সিগারেটের ধোঁয়া যেমন আকাশ থেকে সাদা দেখায় কিন্তু পরে তা ঘনীভূত হলে আলকাতরার মতো পদার্থে পরিণত হয়, শুক্রের মেঘের অবস্থাও অনেকটা সেরকম।

এই গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, মেঘের ভেতরের ওই পদার্থটিকে অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হতে হবে। এখন গবেষকরা নির্দিষ্ট কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছেন, যা ভবিষ্যতে শুক্র গ্রহে পাঠানো বিভিন্ন মহাকাশযানের গবেষণাকে আরও সহজ করবে। এই আবিষ্কারের ফলে গ্রহটির মেঘের রাসায়নিক গঠন সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে।

Leave a Comment