যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর প্রতিবেদনে ইথারনেট ক্যাবলের দৈর্ঘ্য ও সংযোগ গতির মধ্যকার সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সাধারণ ঘরোয়া নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ইথারনেট ক্যাবলের নির্ভরযোগ্য সর্বোচ্চ দৈর্ঘ্য হলো ৩২৮ ফুট বা ১০০ মিটার। নেটওয়ার্ক ইনস্টলেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী, সিগন্যাল লস বা ইন্টারফেয়ারেন্স এড়াতে এই দৈর্ঘ্যকে মানদণ্ড হিসেবে ধরা হয়। মূলত ৩২৮ ফুটের বেশি দীর্ঘ ক্যাবল ব্যবহারে সংযোগের গতি ও গুণমান বজায় থাকা কঠিন হয়ে পড়ে।
ক্যাবলের ক্যাটাগরি বা মান অনুযায়ী এর কার্যক্ষমতার পার্থক্য রয়েছে। সাধারণত ২৯৫ ফুট সলিড-কোর ক্যাবল এবং দুই প্রান্তে ৩৩ ফুট ফ্লেক্সিবল প্যাচ ক্যাবল মিলিয়ে মোট ৩২৮ ফুট পর্যন্ত সংযোগ ব্যবহার করা যায়। ক্যাট৫ই (Cat5e) এবং ক্যাট৬ (Cat6) ক্যাবল দিয়ে ১ জিবিপিএস পর্যন্ত গতি পাওয়া সম্ভব। তবে গতির চাহিদার ওপর ভিত্তি করে এই সীমা পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, ক্যাট৬ ক্যাবল ১০ জিবিপিএস গতির জন্য সর্বোচ্চ ১৮০ ফুট পর্যন্ত কার্যকর, যেখানে ক্যাট৬এ (Cat6a) ক্যাবল ৩২৮ ফুট পর্যন্ত এই গতি ধরে রাখতে সক্ষম।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাবলের দৈর্ঘ্যের চেয়ে ক্যাটাগরি নির্বাচন করা বেশি জরুরি। যদি দুটি ডিভাইসের দূরত্ব ৩২৮ ফুটের বেশি হয়, তবে কেবল দীর্ঘ ক্যাবল ব্যবহার না করে মাঝপথে একটি ইথারনেট সুইচ যুক্ত করা বা ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা উত্তম। পাওয়ার ওভার ইথারনেট (PoE) এর ক্ষেত্রেও ৩২৮ ফুটের নিয়ম প্রযোজ্য, তবে অনেক বেশি দূরত্বের ক্ষেত্রে ভোল্টেজ কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আইএসপি থেকে প্রাপ্ত গতির সাথে সামঞ্জস্য রেখে সঠিক ক্যাটাগরির ক্যাবল বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।